২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্যানি বয়েলের অতীতচারিতা

বিগত অলিম্পিকে বেইজিং যদি তাদের ‘যা কিছু আছে’ তার বড়াই করে থাকে, তবে ২০১২ এ লন্ডন জানিয়ে দিতে চাইল- তাদের 'কত কিছু ছিল’। লন্ডন থেকে লিখেছেন অনিন্দ্য রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 10:16 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

অনিন্দ্য রহমান, লন্ডন থেকে বিগত অলিম্পিকে বেইজিং যদি তাদের ‘যা কিছু আছে’ তার বড়াই করে থাকে, তবে ২০১২ এ লন্ডন জানিয়ে দিতে চাইল- তাদের 'কত কিছু ছিল’। গত একশ বছরের ঘাতপ্রতিঘাতে পূর্ব লন্ডনের ক্ষুদ্র মাঝারি ভারি প্রায় সব শিল্প আক্ষরিকই মাটিতে মিশে গেছে। সে কথা মাথায় রাখলে অনুষ্ঠান নির্দেশক ড্যানি বয়েল বরং ‘স্বাচ্ছন্দ্যে’ই শিল্প বিপ্লবের ছবিগুলোকে অল্প সময়ের জন্য ফিরিয়ে আনলেন। কয়েক বছর আগেও অলিম্পিক পার্কের জায়গায় জংলা পোড়োজমি ছাড়া তেমন কিছু ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই আস্তে আস্তে মিইয়ে আসে এখানকার কারখানাগুলোর সাইরেন। আরো অনেকের মতো সতের শতক থেকে রমরমা ইয়ার্ডলি কম্পানি- প্রসিদ্ধ প্রসাধন প্রস্তুতকারক- ষাটের দশকে কারখানার পাট চুকায়। বয়োবৃদ্ধরা ওষুধ কোম্পানি জেয়েসের কারখানার কথা আবছা মনে করতে পারবেন। এরকম আরো অনেক কারখানার ফেলে যাওয়া জমি, ভুলে যাওয়া পূর্ব লন্ডনের কয়লামলিন 'শৈল্পিক' গোরস্তানেই ২০১২ এর অলিম্পিক পার্ক। এই বারের অলিম্পিকের গৃহস্থ লন্ডন, যেখানে কারাখানা কম, অর্থবেনিয়ারদের একগাদা দপ্তর আকাশে গুঁতো দিচ্ছে। মন্দার যুগে তাদের সুনাম খুব একটা শোনা যায় না। ব্রিটেনের ‘ডাবলডিপ’ আকালে, দেশটির উৎপাদনমুখর অতীতের দিয়ে ফিরে তাকানোর তাৎপর্য আছে। ব্রিটিশ শিল্পের ঘণ্টা বেজে গেছে কেউ কেউ বললেও, বয়েল যাদের দিয়ে সাতাশটনি ঘণ্টা গড়ালেন সেই কম্পানি, 'হোয়াইট চ্যাপেল বেল ফাউন্ড্রি', জানান দিচ্ছে, ‘না, এখনো আছি’। ষোল শতকে জন্ম নিয়ে এটাই ব্রিটেনের টিকে থাকা সবচেয়ে পুরাতন শিল্প প্রতিষ্ঠান। অবস্থান এখনকার পূর্ব লন্ডনের বাঙালিপাড়া ঘেঁষেই। বায়না মোতাবেক ঘণ্টার গায়ে তারা †Luv'vB K‡i দিয়েছে, শেক্সপিয়ারের শেষ নাটক ‘দ্য টেম্পেস্টে’র দাস চরিত্র ক্যালিবানের সংলাপ,‘ভীত হইয়ো না, এই দ্বীপ কোলাহলে পূর্ণ’। তাতে সঙ্গীত আছে। ২০১২’র উদ্বোধনীর প্রধান দিক এর ‘ইংরেজিয়ানা'। অনুষ্ঠানে ছিল নানা যুদ্ধে বিক্ষত ব্রিটেনে সুশ্রূষার প্রতীক নার্সদের নিয়ে পরিবেশনা। সেই সূত্রে 'কল্যাণ রাষ্ট্রে'র গর্ব, জাতীয় স্বাস্থ্য পরিষেবা, 'এনএইচএস' এর উল্লেখ। ছিল চিমনিটুপি মাথায় দেয়া ইসামবার্ড ব্রুনেলের চরিত্র। ভিক্টোরীয় আমলের এই পুরকৌশলী ব্রিটেনের রেল অবকাঠামো নির্মানে নেতৃত্ব দিয়েছেন বললে ভুল হবে না। তার অনেক কীর্তির মধ্যে ছিল প্যাডিংটনের সুরম্য স্টেশন, টেমসের নিচে প্রথম সুড়ঙ্গ। তবে, ইংরেজ-বলয়ের বাইরে যারা, বৈশ্বিক দর্শকের সেই বিরাট অংশই কিছুটা হলেও বঞ্চিত হয়ে থাকবেন। জেমস বন্ড আর মিস্টার বিনকে চিনে নেয়া গেলেও, 'ডক্টর হু', 'করনেশন স্ট্রিট', 'ইস্টএন্ডারে'র মতো পাঁড় ব্রিটিশ টিভি নাটকের উল্লেখ ধরতে পারা সহজ নয়।