২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্স-রহমতগঞ্জ ম্যাচের তদন্ত প্রতিবেদন নিয়ে ধোঁয়াশা

তন মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও ব্রাদার্স-রহমতগঞ্জ ‘প্রশ্নবিদ্ধ’ ম্যাচের ‘রহস্য’ উন্মোচন করতে পারেনি পাতানো ম্যাচ সনাক্তকরণের জন্য গঠিত বিশেষ কমিটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ কমিটি এখনো তাদের কাছে প্রতিবেদন জমা দেয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 04:00 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও ব্রাদার্স-রহমতগঞ্জ ‘প্রশ্নবিদ্ধ’ ম্যাচের ‘রহস্য’ উন্মোচন করতে পারেনি পাতানো ম্যাচ সনাক্তকরণের জন্য গঠিত বিশেষ কমিটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ কমিটি এখনো তাদের কাছে প্রতিবেদন জমা দেয়নি। ম্যাচের ভিডিও ফুটেজ, রেফারি-ম্যাচ কমিশনারের রিপোর্ট, ম্যাচের পর দিন প্রকাশিত পত্র-পত্রিকার সংবাদ, গত মৌসুমে শেখ জামাল-রহমতগঞ্জ ম্যাচ সমঝোতামূলক হওয়ার প্রমাণের রিপোর্ট এবং একজন ফুটবল বিশেষজ্ঞের অভিমতের ভিত্তিতেই ম্যাচটি খতিয়ে দেখছে বিশেষ কমিটি। এতগুলো তথ্য-উপাত্ত পেয়েও কেন তদন্ত প্রতিবেদন দিতে দেরি হচ্ছে, তা জানা যাচ্ছে না কমিটির সভাপতি হুমায়ুন খালিদ এ প্রসঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানানোয়। তিনি শুধু বলেছেন, “আমি বাফুফের মুখপাত্র নই। আমাদের যা বলার তা আমরা বাফুফেকেই জানিয়েছি।” বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী জানিয়েছিলেন, ১৫ দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। কিন্তু তা হয়নি। এ ব্যাপারে তিনি বলেন, “বিশেষ কমিটির সব সদস্যই সরকারের বিভিন্ন দায়িত্বশীল পদে আছেন। পেশাগত ব্যস্ততার কারণে তারা রিপোর্ট জমা দিতে পারেননি।” “অবশ্য কমিটির প্রধানের সঙ্গে আমাদের নিয়মিত কথা হচ্ছে। যেহেতু এই কমিটি স্বাধীন ও নিরপেক্ষ, তাই এ ব্যাপারে আমরা চাপ প্রয়োগ করতে পারি না। আশা করি আগামী সপ্তাহের মাঝামাঝি তদন্ত প্রতিবেদন হাতে পাবো,” যোগ করেন সালাম মুর্শেদী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৫৯ঘ.