২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিক: ‘ব্যর্থতার’ রেকর্ড বাংলাদেশের

অলিম্পিকে বাংলাদেশ পদকতো জেতেই নি; বিশ্বের সবচেয়ে বড় এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত নিজের যোগ্যতায় সুযোগ পায়নি কোনো অ্যাথলেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 08:25 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের ১৯৫তম দেশ টোঙ্গারও অলিম্পিক সাফল্য রয়েছে। অষ্টম জনবহুল দেশ বাংলাদেশের ভাগ্যে এখনও কোনো পদক জোটেনি। অলিম্পিকে বাংলাদেশের ব্যর্থতা শুধু এখানেই সীমাবদ্ধ নেই। বিশ্বের সবচেয়ে বড় এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত নিজের যোগ্যতায় কোনো অ্যাথলেট সুযোগ পাননি। ভরসা হয়ে থেকেছে ‘ওয়াইল্ড কার্ড’। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সদস্য ২০৪টি দেশের মধ্যে ৮০টি দেশ এখনও কোনো পদক জেতেনি। এই দেশগুলোর বেশিরভাগই আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে ছোটো। অবশ্য ব্যতিক্রম হিসেবে আছে মিয়ানমার ও নেপালের মতো কিছু জনবহুল দেশও। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে ১৯৫তম টোঙ্গার অলিম্পিকে একটি রুপার পদক রয়েছে। ১৮১তম বারবাডোজের রয়েছে একটি ব্রোঞ্জ পদক। ১৭৮তম অবস্থানে থাকা আইসল্যান্ড বা ১৭৭ নম্বরে থাকা বাহামাও পদক জিতেছে। অথচ সোয়া ১৫ কোটিরও বেশি মানুষের দেশ বাংলাদেশ এখনও পদক পায়নি। অলিম্পিকের চূড়ান্ত প্রতিযোগিতায় কখনই বাংলাদেশের অ্যাথলেটরা অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি। ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক থেকেই আইওসির ‘ওয়াইল্ড কার্ড’ -এর আওতায় অলিম্পিকে যোগ দিয়েছে বাংলাদেশি অ্যাথলেটরা। ওয়াইল্ড কার্ডের মাধ্যমে খেলাধূলায় পিছিয়ে থাকা দেশগুলোকে অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ দেয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এবারের লন্ডন অলিম্পিকেও ‘ওয়াইল্ড কার্ড’ এর সৌজন্যে সুযোগ পেয়েছেন শ্যুটার শারমিন আক্তার রতœা, আর্চার ইমদাদুল হক, সাতারু মাহফিজার রহমান, ¯িপ্রন্টার মোহন খান ও জিমন্যাস্ট সাইক সিজার। অবশ্য এই পাঁচজনে মধ্যে সাইক সিজারের আবার ‘ওয়াইল্ড কার্ড’ পেয়েছেন ভাগ্য জোরে। বাংলাদেশি বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক বাংলাদেশের হয়ে অলিম্পিকে অংশ নিতে চাইলে বাংলাদেশের পক্ষ থেকে তাতে সাড়া দেওয়া হয়। অবশ্য ওয়াইল্ড কার্ড পাওয়ার ক্ষেত্রে সিজারের চেয়ে এগিয়ে ছিলেন ভারতীয় জিমন্যাস্ট আশিস কুমার। কিন্তু ভারতীয় জিমন্যাস্টিকস ফেডারেশন আশিসের কাগজপত্র সময়মতো পাঠাতে না পারায় সুযোগ মিলে যায় সিজারের। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জন্ম নেওয়া সিজার ইতোমধ্যে সেন্ট্রাল সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক লাভ করেছেন। মিশিগান বিশ্ববিদ্যালয়ের এনসিএএ দলগত শিরোপাও জিতেছেন তিনি। ২১ বছর বয়সী সিজার অবশ্য অলিম্পিকে এমন কিছু করতে চান যাতে ক্রিকেট পাগল বাংলাদেশি কিশোর-তরুণরা জিমন্যাস্টিকসে আগ্রহী হয়ে উঠবে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে সিজার বলেন, “বাংলাদেশের মানুষ খেলাধূলা খুবই ভালোবাসে। আমার বাবা জাতীয় ফুটবল দলে খেলতেন এবং ফুটবলই ছিল দেশটির সবচেয়ে জনপ্রিয় খেলা। এখন আর সেটা নেই। এখন সবাই ক্রিকেট পছন্দ করে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এসইউ/১৩৪৮ ঘ.