২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানির সঙ্গে সখ্যতা নিয়ে অলিম্পিকে সাগর

কখনো ভাবেননি অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ পাবেন। একজন ক্রীড়াবিদের জীবনের সবচেয়ে সম্মানজনক সুযোগ পেয়ে আবেগাপ্লুত সাঁতারু মাহফিজুর রহমান সাগর। মাহমুদুল হাসানের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2012, 03:21 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

মাহমুদুল হাসান ক্রীড়া প্রতিবেদক ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- “আমার নাম সাগর, চাকরি করি নৌবাহিনীতে, সাঁতার আমার নেশা, তাই পানির সঙ্গে সখ্যতাও বেশি।” এভাবেই নিজের সম্পর্কে জানালেন সাঁতারু মাহফিজুর রহমান সাগর। পানির সঙ্গে সখ্যতার জন্যই আজ তিনি লন্ডন অলিম্পিকের পথে। অবশ্য এজন্য বিস্তর পথ পাড়ি দিতে হয়েছে তাকে, করতে হয়েছে অনেক সাধনা। পাবনায় জন্ম নেয়া সাগরকে জীবনের শুরুতেই এক হতাশাজনক অভিজ্ঞতার সামনে দাঁড়াতে হয়েছিলো। ১৯৯৯ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ভর্তি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পারেননি। চরম হতাশা নিয়ে তাকে বাড়ি ফিরে যেতে হয়েছিলো। ঐ সময় সাগরের পাশে এসে দাঁড়ান তার বাবা। বাবার অনুপ্রেরণায় পাবনায় নিজের গ্রামের পুকুরে কঠোর অনুশীলন শুরু করেন তিনি। তারই সুফল পরের বছর বিকেএসপিতে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০০৩ সালে প্রথম জাতীয় জুনিয়র প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম ইভেন্টেই সোনা জিতে তাক লাগিয়ে দেন সবাইকে। পরবর্তীতে প্রত্যেক জাতীয় প্রতিযোগিতায় অন্তত একটি সোনা জিতেছেন। নিজের প্রিয় ফ্রি স্টাইলের সব ইভেন্টে তো সাগরের সব সময়ই আধিপত্য। তবে জাতীয় পর্যায়ে বহু সাফল্য পেলেও অলিম্পিকে অংশ নেয়ার কল্পনা করতেও যেন ভয় পেতেন সাগর। এ প্রসঙ্গে তিনি বলেন, “প্রায়ই ভাবতাম, ইশ, আমিও যদি অলিম্পিকে অংশ নিতে পারতাম! অনেক সময় এই আশা দুঃসাহস বলেও মনে হতো। কিন্তু যখন শুনলাম আমি এবারের অলিম্পিকে অংশ নিতে যাচ্ছি, মনে হলো সৃষ্টিকর্তার পরম আশীর্বাদ আমার সঙ্গী।” “বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞে অংশ নিতে পারা সৌভাগ্যজনকই বটে। বাংলাদেশের অনেকেরই জাতীয় পর্যায়ে আমার মতো পারফরম্যান্স আছে। তাদের পেছনে ফেলে আমি অলিম্পিকে যাওয়া সুযোগ পেলাম। নিজেকে তাই ভাগ্যবানই বলবো,” যোগ করেন তিনি। এখন সাগরের শুধু একটাই লক্ষ্য, তার ওপরে রাখা আস্থার প্রতিদান দেয়া। তিনি বলেন, “সাঁতার ফেডারেশন আমার প্রতি যে আস্থা দেখিয়েছে, আমার কর্তব্য তার প্রতিদান দেয়া। হয়তো বড় কিছু করতে পারবো না।” “ আমার প্রধান লক্ষ্য শেষ ষোলর মধ্যে থাকা।এই লক্ষ্য পূরণে আমি আত্মবিশ্বাসী। আমার চেষ্টার কোনো ত্র“টি থাকবে না,” যোগ করেন ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে দুটি রুপা জয়ী সাগর। অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সাগরের জন্য আরেকটি খুশির খবর, উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১৪ঘ.