ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিওনেল মেসি আবার বললেন, ব্যক্তিগত সাফল্য নয়, দলীয় সাফল্যই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি জানালেন, গত মৌসুমে নিজের গড়া ৭৩ গোলের রেকর্ড ভাঙ্গার চেয়ে আগামী মৌসুমে বার্সেলোনাকে যত বেশি সম্ভব শিরোপা এনে দেয়াই তার লক্ষ্য।
টানা তিন বার ফিফা বর্ষসেরা পুরস্কার জয়ী মেসি বলেন, “আমি আমার গোল-সংখ্যাকে ছাড়িয়ে যেতে চাই না। ওটা আমার উদ্দেশ্য নয়।”
“বরং খেলোয়াড় হিসেবে আরো উন্নতি এবং দলকে আরো বেশি দেয়ার চেষ্টা করবো। আশা করি আমি আরো উন্নতি করতে পারবো। আমার উদ্দেশ্য (বার্সেলোনার হয়ে) আরো বেশি শিরোপা জয়,” যোগ করেন আর্জেন্টাইন তারকা।
গত মৌসুমে স্প্যানিশ প্রিমেরা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে পারেনি বার্সেলোনা। লা লিগার শিরোপা জিতেছে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ। আর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে পেপ গার্দিওলার বার্সেলোনাকে বিদায় করে দিয়েছে চেলসি। অথচ তার আগের মৌসুমে দুটো শিরোপাই গিয়েছিলো বার্সার ন্যু ক্যাম্পে।
মেসি বলেন, “আশা করি আমরা আবার সব শিরোপা জিততে পারবো। জানি এটা খুবই কঠিন কাজ। সেমিফাইনালে চেলসির বিপক্ষে পেনাল্টি মিস এবং লা লিগায় ন্যু ক্যাম্পে মাদ্রিদের কাছে হার এখনো আমাকে কষ্ট দেয়।”
গত মৌসুম শেষে দায়িত্ব ছেড়ে দিয়েছেন বার্সেলোনার সর্বকালের অন্যতম সফল কোচ গার্দিওলা। চার বছর গার্দিওলার সহকারীর দায়িত্ব পালন করা টিটো ভিলানোভা এখন বার্সার কোচ।
প্রায় দশ বছর আগে বার্সেলোনার যুব অ্যাকাডেমিতে ভিলানোভার অধীনে ছিলেন মেসি।
নতুন কোচ সম্পর্কে তিনি বলেন, “ছোটবেলায় ভালো খেলোয়াড় হিসেবে গড়ে ওঠার পথে টিটো আমাকে সাহায্য করেছিলেন। তাকে বার্সেলোনায় পেয়ে আমি খুবই খুশি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২২৯ঘ.
bdnews24