মাহমুদুল হাসান
ক্রীড়া প্রতিবেদক
ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শৈশব থেকেই স্বপ্ন দেখতেন বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে অংশ নেয়ার। মোহন খানের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। লন্ডন অলিম্পিকে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের দ্রুততম মানব।
২৭ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই ক্রীড়াযজ্ঞে মোহনের লক্ষ্য উপমহাদেশের অ্যাথলেটদের মধ্যে সবচেয়ে ভালো করা। তিনি বলেন, “আমার প্রথম লক্ষ্য ভারত-শ্রীলঙ্কার অ্যাথলেটদের চেয়ে ভালো করা। আর দ্বিতীয় লক্ষ্য বর্তমান টাইমিংকে পেছনে ফেলা।”
“১০০ মিটার ¯িপ্রন্টে আমার বর্তমান টাইমিং ১০.৭৬ সেকেন্ড। এর চেয়ে কম সময়ে দৌড় শেষ করতে পারলে তা হবে বড় অর্জন,”যোগ করেন মোহন।
অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ পেয়ে রোমাঞ্চিত মোহন আরো বলেন, “২০০৩ সালে বান্দরবান থেকে ঢাকায় এসেছিলাম অ্যাথলেট হওয়ার স্বপ্ন নিয়ে। দীর্ঘ পথ পরিক্রমায় গত বছর এবং এ বছরের জাতীয় অ্যাথলেটিক্সে দ্রুততম মানব হয়েছি। এটাকে বলা যায় আমার স্বপ্ন পূরণের পথে প্রথম ধাপ।”
“আর অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ আমার স্বপ্নকে সার্থক করেছে। জানি না কী করতে পারবো। তবে অংশ নিতে পারাই আমার জন্য অনেক বড় অর্জন,” যোগ করেন তিনি।
যদিও প্রস্তুতি নিয়ে তেমন সন্তুষ্ট নন বাংলাদেশের সেরা অ্যাথলেট। তিনি জানান, “মাত্র দেড় মাস আগে জানতে পেরেছি আমি অলিম্পিকে অংশ নিতে যাচ্ছি। এত কম সময় প্রস্তুতি নিয়ে কীভাবে ভালো করা সম্ভব?”
চার বছর আগে বেইজিং অলিম্পিকে অংশ নেয়া অ্যাথলেট নাজমুন্নাহার বিউটি অবশ্য এমনিতেই তেমন আশাবাদী নন। তিনি বলেন, “আমাদের মূল সমস্যা শারীরিক সামর্থ্যরে অভাব। অন্যান্য দেশের অ্যাথলেটদের পাশে দাঁড়ালে মনেই হয় না তাদের সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা আছে। তাদের সঙ্গে আমাদের মানের আকাশ-পাতাল পার্থক্য।”
“এতোটা পিছিয়ে থাকলে প্রতিদ্বন্দ্বিতা হয় না। আমাদের অ্যাথলেটদের ফিটনেসে অনেক সমস্যা। তবে ভালো প্রশিক্ষণ পেলে দক্ষিণ এশীয়, এমনকি এশীয় পর্যায়েও আমাদের পক্ষে ভালো করা সম্ভব,” যোগ করেন বাংলাদেশের দ্রুততম মানবী।
মোহনের কোচ কিতাব আলী অবশ্য তার শিষ্যকে নিয়ে আশাবাদী। তিনি বলেন, “মোহনের সবচেয়ে ভালো দিক, তার শুরুটা ভালো হয়। যা অনেক সময় অন্যদের চেয়ে তাকে এগিয়ে রাখে। সে ভালো করার চেষ্টাও করছে। আশা করি একেবারে হতাশ করবে না।”
অ্যাথলেটিক্স ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর মোরশেদের আশা, মোহন তার বর্তমান টাইমিংয়ের চেয়ে ভালো করবেন। তিনি বলেন, “অনুশীলনে তার নিষ্ঠা দেখে আমার মনে হয়েছে, সে দমে যাওয়ার পাত্র নয়। হয়তো খুব ভালো করতে পারবে না। তবে হতাশ করবে না বলেই আমার বিশ্বাস।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০৮ঘ.
bdnews24