ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের ঠান্ডা ও স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে অলিম্পিকের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে লন্ডন ছাড়ছেন চীনের অ্যাথলেটরা।
এই তালিকায় আছেন ২০০৪ এথেন্স অলিম্পিকে ১১০ মিটার হার্ডলসে সোনা জয়ী লিউ জিয়াংও। মঙ্গলবার ‘দ্য চায়না ডেইলি’ পত্রিকা জানিয়েছে, অলিম্পিকের প্রস্তুতি শেষ করতে লন্ডন ছেড়ে জার্মানিতে গেছেন তিনি।
জিয়াংয়ের কোচ সুন হাইপিং বলেন, “শুধু লিউ জিয়াং নন, ঠান্ডা আবাহওয়ার কারণে চীনের অন্য খেলোয়াড়রাও প্রস্তুতি নিতে লন্ডনের বাইরে চলে যাচ্ছে।”
চোটের কারণে চার বছর আগের বেইজিং অলিম্পিকে অংশ নিতে পারেননি জিয়াং। এবার তাই তিনি সোনা জিততে মরীয়া। যদিও তার কিছুটা চোটজনিত সমস্যা আছে।
এবারের গ্রীষ্ম লন্ডনের ইতিহাসের অন্যতম শীতার্ত গ্রীষ্ম। ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদার ক্রীড়া আসর অলিম্পিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩৩৩ঘ.
bdnews24