২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল লিগ থেকে ফরাশগঞ্জেরও অবনমন

রহমতগঞ্জ এমএফএসের পর ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবও নেমে গেলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল থেকে। শনিবার মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় অবনমন নিশ্চিত হয়ে গেছে তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2012, 02:44 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রহমতগঞ্জ এমএফএসের পর ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবও নেমে গেলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল থেকে। শনিবার মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় অবনমন নিশ্চিত হয়ে গেছে তাদের। ১১ দলের লিগে ২০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ফরাশগঞ্জ দশম এবং সমান ম্যাচে মাত্র ৯ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জের অবস্থান সবার নিচে। ২০০২ সালেও প্রিমিয়ার লিগ থেকে এক সঙ্গে অবনমন হয়েছিল এই দু দলের। তবে পরের মৌসুমে একই সঙ্গে দেশের সবচেয়ে আকর্ষণীয় লিগে ফিরে আসে তারা। কাকতালীয়ভাবে দশ বছর পর আবার এক সঙ্গেই অবনমন হলো পুরনো ঢাকার দল দুটির। মোহামেডানের হয়ে ৮৩ মিনিটে ইয়াসিন এবং শেষ বাঁশির ঠিক আগে মোহাম্মদ রনি গোল দুটো করেন। দুটো গোলই হয় রেফারি আব্দুল হান্নান মিরন ফরাশগঞ্জের কোচ কামাল বাবুকে মাঠ থেকে বের করে দেয়ার পর। ম্যাচ শেষে হারের জন্য ফরাশগঞ্জের কোচ তাই রেফারিকেই দায়ী করেন। তিনি বলেন, “কোনো কারণ ছাড়াই আমাকে মাঠ থেকে বের করে দেয়া হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এটা উদ্দেশ্যমূলক।” “কাগজে-কলমে আমরা নেমে গেলেও আমি মনে করি ফরাশগঞ্জ এখনো লিগে আছে। আমরা শুনেছি একটি দল পাতানো ম্যাচ খেলেছে। এটা প্রমাণ হলে আর তারা শাস্তি পেলে আমরাই থাকবো,” যোগ করেন কামাল বাবু। আরেক ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘ ১-০ গোলে ফেনী সকার ক্লাবকে হারিয়েছে। ফেনী স্টেডিয়ামে একমাত্র গোলটি করেন নাইজেরীয় স্ট্রাইকার এলেটা কিংসলে। এই জয়ের সুবাদে ২০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আরামবাগ অবনমনের হাত থেকে বেঁচে গেছে। সমান ম্যাচে ফেনী সকারেরও সংগ্রহ ১৯ পয়েন্ট। অন্য ম্যাচে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ২-১ গোলে রহমতগঞ্জকে হারিয়েছে। বিজয়ী দলের দুই গোলদাতা দুই নাইজেরীয় জোশুয়া এবং কিংসলে চিগোজি। রহমতগঞ্জের একমাত্র গোলটিও নাইজেরিয়ার ফ্রান্সিসের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪২ঘ.