ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্কের ধারণা, ভাগ্য পক্ষে ছিল বলেই টাইব্রেকারে পর্তুগালকে হারিয়ে ইউরো ২০১২’র ফাইনালে উঠতে পেরেছে তার দল। অন্যদিকে দুর্ভাগ্যজনকভাবে হেরে গেলেও নিজের দলের প্রশংসাই করেছেন পর্তুগালের কোচ পাওলো বেন্তো।
বুধবার প্রথম সেমিফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-২ গোলের জয় পায় বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন।
দেল বস্ক বলেন, “টাইব্রেকারে ভাগ্য আমাদের পক্ষে ছিল। তবে আমি পর্তুগিজ দলকে অভিনন্দন জানাতে চাই। তারা দারুণ একটি টুর্নামেন্ট কাটিয়েছে। কিন্তু আমরা তাদের তুলনায় সৌভাগ্যবান ছিলাম। ঐ সময়ে ভাগ্যদেবী পুরোপুরি আমাদের পক্ষে ছিলেন।”
বেন্তোও মনে করেন পুরো টুর্নামেন্টে তার দল ভালো খেলেছে। তিনি বলেন, “ইউরোর বাছাই পর্বে আমরা দারুণ খেলেছি এবং এই টুর্নামেন্টটাও খুব ভালো কেটেছে আমাদের।”
“যেভাবে বিদায় নিলাম তা আমার একদমই পছন্দ হয়নি। কিন্তু আমরা স্পেনের মতো দলের বিপক্ষে মাথা উঁচু করেই হার মেনেছি। আমরা নিজেদের যোগ্যতা দেখাতে পেরেছি,” যোগ করেন পর্তুগালের কোচ।
পঞ্চম শট নিতে আসা সেস ফ্যাব্রেগাসের গোলে স্পেনের জয় নিশ্চিত হয়ে যায়।
ঐ সময়ের বর্ণনা দিতে গিয়ে ফ্যাব্রেগাস বলেন, “শটটা নিতে যাওয়ার সময় আমি বিড়বিড় করে বলটাকে বলছিলাম যে আমরা ইতিহাস তৈরি করতে যাচ্ছি আর তা ভন্ডুল করাও আমার উচিৎ হবে না। আমাকে দ্বিতীয় শট নিতে বলা হয়েছিলো। কিন্তু আমি পঞ্চম শটটি নিতে চেয়েছিলাম এবং সেই অনুমতিও পেয়েছি।”
ফ্যাব্রেগাসের মতো ক্রিস্টিয়ানো রোনালদোও নিজের ইচ্ছাতেই পঞ্চম শটটি বেছে নিয়েছিলেন। কিন্তু দলের হার আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় শট নেয়ার সুযোগই পাননি রিয়াল মাদ্রিদ তারকা।
সেজন্য সমালোচনার তীরে বিদ্ধ হতে হচ্ছে বেন্তো-রোনালদো দুজনকেই। তবে বেন্তো এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, “আমরা ভেবেছিলাম ৪-৪ হয়ে যাবে আর তাই রোনালদো শেষ শটটি নেবে। আসলে এটা ছিল কৌশলের অংশ।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১১৮ঘ.
bdnews24