ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাইব্রেকারে ব্যর্থ দুই অ্যাশলি, আবারো শেষ চারে উঠতে ব্যর্থ ইংল্যান্ড।
রোববার ইউরো-২০১২ এর শেষ কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ইংল্যান্ডকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইতালি।
নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ও গোলশূন্যভাবে পার হলে ট্রাইব্রেকারে গড়ায় খেলা। সেমিফাইনালে ইতালির প্রতিপক্ষ জার্মানি।
কিয়েভে শুরু থেকেই গতিময় ফুটবল উপহার দিতে থাকে ইতালি ও ইংল্যান্ড। ৩ মিনিটেই এগিয়ে যেতে পারত ইতালি, যদি না ডি রোসির ২৫ গজ দূর থেকে নেওয়া জোরালো শট বারে লেগে ফিরে আসত।
পরের মিনিটে নিজেদের প্রথম আক্রমণও প্রায় সফল করে ফেলেছিল ইংল্যান্ড। কিন্তু বক্সের মধ্য থেকে নেওয়া গ্লেন জনসনের হেড অনেকটা লাফিয়ে উঠে কোনো রকমে বাঁ-হাত দিয়ে আটকান ইতালির গোলরক্ষক বুফন।
এরপর ধীরে ধীরে ম্যাচে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে ইতালি। বল পাসিং এবং আক্রমণ দুটোতেই প্রতিপক্ষকে পেছনে ফেলে তারা, কিন্তু গোলের দেখা পাচ্ছিল না।
১৪ মিনিটে খেলার ধারার বিপরীতে গোলের আরো একটি সহজ সুযোগ নষ্ট করেন ইংল্যান্ডের স্ট্রাইকার ওয়েইন রুনি। বক্সের সামান্য বাইরে থেকে নেওয়া জনসনের চমৎকার ক্রসে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন তিনি।
ইতালি স্ট্রাইকার মারিও বালোতেল্লি ইংল্যান্ডের রক্ষণে ভীতি ছড়ালেও কাজের কাজ করতে পারছিলেন না। ২৫ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে ফাঁকায় বল পেয়ে যান তিনি। সামনে শুধু গোলরক্ষক হার্ট। অফসাইডের ফাঁদে আটকা না পড়লেও বলের নিয়ন্ত্রণ নিতে কিছুটা সময় নষ্ট করেন তিনি। ততক্ষণে তাকে আটকাতে পৌঁছে যান জন টেরি।
ছয় মিনিট পর বক্সের মধ্যে আবারো হার্টকে একা পেয়েও ব্যর্থ হন ইতালির জাতীয় দলে প্রথম কৃষ্ণাঙ্গ খেলোয়াড় বালোতেল্লি।
এভাবে ইতালির একের পর এক আক্রমণ ইংল্যান্ডের রক্ষণে মুখ থুবড়ে পড়তে থাকে। মাঝে মাঝে আক্রমণে উঠছিলো ইংল্যান্ডও। কিন্তু তাতে ধার ছিল না মোটেও। প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।
বিরতির পর ইংল্যান্ডকে আরো চেপে ধরে ইতালি। বলের দখল নিজেদের কাছে রেখে একের পর এক আক্রমণে উঠতে থাকে তারা। কিন্তু তাদের আক্রমণে পরিকল্পনার অভাব ছিলো সুস্পষ্ট।
৫২ মিনিটে ইতালির একটি সম্মিলিত আক্রমণ ব্যর্থ করে দেন হার্ট। প্রথমে বালোতেল্লির শট হাঁটু দিয়ে আটকে দেন তিনি। ওই বল ধরে গোলপোস্ট লক্ষ্য করে রিকার্ডো মন্টোলিভোর শট বারের ওপর দিয়ে চলে যায়।
বল ইংল্যান্ডের অর্ধেই ঘোরাফেরা করলেও বাকি সময়ে গোলের ভালো কোনো সুযোগ আর তৈরি করতে পারেনি ইতালি।
ইনজুরি সময়ে পিরলোর ভুলে বল পেয়ে যায় ইংল্যান্ড। কিন্তু অ্যাক্রোবেটিক কায়দায় নেয়া রুনির শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এই সময় ইতালির একটি শটও বারে লেগে ফিরে আসে।
নির্ধারিত সময়ে গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ইউরো ২০১২ এ এটাই প্রথম খেলা, যা অতিরিক্ত সময়ে গড়াল।
অতিরিক্ত সময়েও প্রাধান্য ছিল ইতালির। গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালিয়েছে ইংল্যান্ডও। কিন্তু সফল হতে পারেনি কোনো দলই।
পেনাল্টি শুটআউটে প্রথম গোল করেন ইতালির মারিও বালোতেল্লি। ইংল্যান্ডের অধিনায়ক স্টিভেন জেরার্ডের গোলে আসে ১-১ সমতা।
ইতালির পক্ষে দ্বিতীয় শট নিতে আসা রিকার্ডো মন্টোলিভো গোলপোস্টের বাইরে দিয়ে মারেন। ওয়েইন রুনির গোলে ১-২ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড।
ইতালির পক্ষে তৃতীয় শট নিতে আসা আন্দ্রেয়া পিরলো লক্ষ্যভেদ করলেও ইংল্যান্ডের অ্যাশলি ইয়ংয়ের শট ক্রসবারে লাগলে ২-২ গোলের সমতা আসে।
অ্যান্টোনিও নোকেরিনোর গোলে ৩-২ এ এগিয়ে যায় ইতালি। এরপর অ্যাশলি কোলের শট ইতালির অধিনায়ক বুফন বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে আটকে দিলে অন্ধকার হয়ে যায় ইংল্যান্ড সমর্থকদের মুখ।
ফুটবলের বড় কোনো আসরের সেমিফাইনালে উঠতে না পারার ১৬ বছরের ব্যর্থতা আরো দীর্ঘায়িত হওয়ার শঙ্কায় তখন তারা।
এরপর আলেসান্দ্রো দিয়ামান্তির গোল এবং ইতালির উল্লাস ফেটে পড়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমআই/০৯৩৭ ঘ.
bdnews24