২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনের জন্য ইতিহাস পাল্টে দেওয়ার লড়াই

প্রতিবেশী দেশ ফ্রান্সের বিপক্ষে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের রেকর্ড বিস্ময়কর রকম খারাপ। প্রতিযোগিতামূলক কোনো আসরে ফ্রান্সকে এখন পর্যন্ত হারাতে পারেনি তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2012, 05:08 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবেশী দেশ ফ্রান্সের বিপক্ষে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের রেকর্ড বিস্ময়কর রকম খারাপ। প্রতিযোগিতামূলক কোনো আসরে ফ্রান্সকে এখন পর্যন্ত হারাতে পারেনি তারা। তাই শনিবার ইউরো-২০১২ এর তৃতীয় কোয়ার্টার ফাইনালে যখন ফ্রান্সের মুখোমুখি হবে, তখন ইতিহাস পাল্টে দেওয়ার ইচ্ছা নিয়েই নামতে হবে বিশ্ব চ্যাম্পিয়নদের। অন্যদিকে ইতিহাস পক্ষে থাকলেও দলের মধ্যে বিভেদ নিয়ে কিছুটা বিপর্যস্ত অবস্থায়ই স্পেনের মুখোমুখি হবে ১৯৯৮ এর বিশ্ব চ্যাম্পিয়নরা। ২০১০ সালে সর্বশেষ বিশ্বকাপেও দলীয় কোন্দলের কারণে গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে হয়েছিল ফ্রান্সকে। তবে ইংল্যান্ডের সঙ্গে ড্র ও ইউক্রেইনের বিপক্ষে দারুণ জয়ে এবারের ইউরোর শুরুটা ভালোই ছিল লরাঁ ব¬াঁর দলের। অবশ্য গ্রুপ পর্বের শেষ খেলায় সুইডেনের কাছে ২-০ গোলের হারে থেমে যায় তাদের টানা ২৩ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। সমস্যার শুরু তারপর থেকেই। এর আগে প্রতিযোগিতামূলক কোনো আসরে স্পেনের বিপক্ষে ছয়বারের লড়াইয়ে পাঁচবারই জিতেছে ফ্রান্স। ২০০০ সালের ইউরোর কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হারে স্পেন। ওই খেলার শেষ দিকে একটি পেনাল্টি পেয়েও মিস করেন রাউল গনজালেস। ২০০৬ সালের বিশ্বকাপে শেষ ষোলতে ৩-১ গোলে জিতে স্পেনকে বিদায় করে দেয় ফ্রান্স। অতীতের রেকর্ড ভালো না হলেও এবার আশাবাদি স্পেনের ফরোয়ার্ড ফার্নান্দো তোরেস। নিজের ওয়েব সাইটে তোরেস বলেন, “আশা করছি, আমাদের অভিজ্ঞতা এবার ভারসাম্য ফিরিয়ে আনবে এবং সবকিছু স্পেনের পক্ষে যাবে। ধারাবাহিকভাবে চলতে থাকা নেতিবাচক কিছু শেষ করার এটাই উপযুক্ত সময়। এই জাতীয় দলটি রেকর্ড ভাঙতে এবং পূর্বানুমান ভুল প্রমাণ করতে অভ্যস্ত।” “আমরা আশা করছি, ফ্রান্স এই ম্যাচে তাদের সেরা ফর্ম খুঁজে পেতে ব্যর্থ হবে। কিন্তু যদি তারা সেটা পায়ও আমরা প্রস্তুত থাকব। বর্তমানে স্পেনকে হারানো খুব কঠিন, বিশেষ করে যখন ফর্মের চূড়ায় থাকে,” যোগ করেন এই চেলসি তারকা। এই খেলায় পূর্ণ শক্তির দলকেই মাঠে নামাতে পারছেন স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক। তবে নিষেধাজ্ঞার কারণে রক্ষণের অন্যতম ভরসা ফিলিপ মেক্সেসকে পাচ্ছেন না ফ্রান্সের কোচ ব¬াঁ। ফ্রান্সের স্ট্রাইকার করিম বেনজেমা খেলেন স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে। তাই স্পেনের ফুটবল সম্পর্কে তার বেশ ভালো ধারণা রয়েছে। বেনজেমা বলেন, “স্পেন ফেভারিট দল। তারা বিশ্বের সেরা দলগুলোর একটি।” এই ম্যাচে জয়ী দল সেমিফাইনালে পর্তুগালের মুখোমুখি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমআই/১১০৭ ঘ.