২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের অভিযোগে মহিলা দৌড়বিদ গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে পিঙ্কি প্রামাণিক নামে ভারতের এক সাবেক মহিলা দৌড়বিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভারতের পুলিশ জানিয়েছে, ২০০৬ সালের এশিয়ান গেমসে চার শ মিটার রিলে দৌড়ে স্বর্ণ পদক জয়ী পিঙ্কির বিরুদ্ধে এক মহিলা ধর্ষণের অভিযোগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2012, 03:31 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ধর্ষণের অভিযোগে পিঙ্কি প্রামাণিক নামে ভারতের এক সাবেক মহিলা দৌড়বিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভারতের পুলিশ জানিয়েছে, ২০০৬ সালের এশিয়ান গেমসে চার শ মিটার রিলে দৌড়ে স্বর্ণ পদক জয়ী পিঙ্কির বিরুদ্ধে এক মহিলা ধর্ষণের অভিযোগ করেছেন। পিঙ্কিকে গ্রেপ্তার করার কথা জানিয়ে পশ্চিম বাংলা পুলিশের সহকারী কমিশনার সুব্রত বন্দ্যোপাধ্যায় বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “ঐ মহিলা পিঙ্কির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। পিঙ্কির সঙ্গে বেশ কিছুদিন এক সঙ্গে বসবাস করেছেন বলেও জানিয়েছেন তিনি।” পিঙ্কির লিঙ্গ জানার জন্য আদালত পুলিশকে ডাক্তারি পরীক্ষার আদেশ দিয়েছে বলেও জানিয়েছেন সুব্রত। তবে তার বিরুদ্ধে আনিত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন পিঙ্কি। ভারতের শীর্ষস্থানীয় দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’কে তিনি বলেন, “একজন অ্যাথলেট হিসেবে পুরো ক্যারিয়ারে আমাকে অনেকবারই বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। কেন আমি আবার ঐ সব জঘন্য পরীক্ষার জন্য রাজি হবো?” অ্যাথলেটিকস ফেডারেশন অব ইন্ডিয়ার (এএফআই) জন্য এ ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হওয়া অবশ্য নতুন নয়। ২০০৬ সালের এশিয়ান গেমসেই মহিলাদের ৮০০ মিটার দৌড়ে রুপা জয়ী শান্তি সুধারাজন পরে লিঙ্গ পরীক্ষায় উৎরাতে ব্যর্থ হলে তার পদক কেড়ে নেয়া হয়। এ ধরনের দ্বিতীয় ঘটনায় তারা প্রচন্ড আঘাত পেয়েছেন জানিয়ে এএফআইয়ের সম্পাদক সি.কে. ভালসন রয়টার্সকে বলেন, “বর্তমান পরিস্থিতি একদমই অপ্রত্যাশিত। তার (পিঙ্কি) ডাক্তারি পরীক্ষার আনুষ্ঠানিক রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করছি।” তবে পিঙ্কি এই পরীক্ষায় ব্যর্থ হলে তার পদক কেড়ে নেয়া হবে কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি ভালসন। তিনি বলেন, “আমার মনে হয় না তার পদক কেড়ে নেয়া হবে। কারণ সে ছয় বছর আগে পদক জিতেছিলো। এই ছয় বছরে তার শারীরিক পরিবর্তন হতে পারে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১২১ঘ.