২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তোরেসের জোড়া গোলে গ্রুপ শীর্ষে স্পেন

ফার্নান্দো তোরেসের জোড়া গোলে বৃহস্পতিবার রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2012, 03:57 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফার্নান্দো তোরেসের জোড়া গোলে বৃহস্পতিবার রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছালেও এখনো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়নি বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের। শেষ আটে জায়গা করতে হলে সোমবার গ্রুপের শেষ খেলায় ক্রোয়েশিয়ার বিপক্ষে অন্তত এক পয়েন্ট পেতে হবে তাদের। আর সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ক্রোয়েশিয়া জিতে গেলে প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হতে পারে ইকার ক্যাসিয়াসের দলকে। এই গ্রুপে দুই খেলায় দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা সাবেক ইউরো চ্যাম্পিয়ন ইতালির জন্যও কোয়ার্টার ফাইনালের সুযোগ শেষ হয়ে যায়নি। শেষ খেলায় সাবেক এই বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ রিপাবলিক অব আয়ারল্যান্ড, দুই খেলার পরও যাদের পয়েন্টের ঘরে কেবলই শূন্য আগের খেলায় ইতালির সঙ্গে ড্র করায় বৃহস্পতিবারের ম্যাচে বেশ চাপে ছিল স্পেন। দনেস্কের পিজিই এরেনায় খেলা শুরুর মাত্র ৪ মিনিটের মাথায় দলকে এগিয়ে নিয়ে চাপ অনেকটাই কমিয়ে দেন তোরেস। ওই এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে স্পেন। দ্বিতীয়ার্ধে বিশ্ব চ্যাম্পিয়নদের আক্রমণের ধার আরো বাড়তে থাকে। ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড সিলভা। ৭০ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোলটি করেন তোরেস। খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে গোল করে রিপাবলিক অব আয়ারল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সেস ফেব্রেগাস। এই ম্যাচে স্পেনের কাছে পাত্তাই পায়নি জিওভান্নি ত্রাপাত্তানির দল। পুরো খেলায় প্রতিপক্ষের গোল পোস্টের দিকে মাত্র দুটি শট নিতে পেরেছে তারা। অন্যদিকে স্পেনের ১৫টি শটের মধ্যে চারটি কাজে লেগেছে। ম্যাচের ৬৬ শতাংশ সময় বল ছিল স্প্যানিশদের পায়ে। ম্যাচ শেষে খেলোয়াড়দের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন স্পেনের কোচ ভিনসেন্ট দেল বস্ক। রিপাবলিক অব আয়ারল্যান্ডের ম্যাচটি খুব সহজ ছিল বলে তিনি মনে করেন না। তার ভাষায়, খেলোয়াড়রা এ দিন সেরা ছন্দে ছিলেন। টেলিফাইভকে দেল বস্ক বলেন, “কখনোই আশা ছাড়ে না এমন একটি দলের বিপক্ষে সেরা খেলাটা খেলার জন্য আমরা গর্ব বোধ করতেই পারি।” বড় জয়ের চেয়েও জেরার্ড পিকের কাছে বেশি গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ঘরে ফেরা। নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “মাঠ খুব ‘দ্রুত’ ছিল, এ কারণে আমরা খেলাটা খুব উপভোগ করেছি। এই তিন পয়েন্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।” ইতালির বিপক্ষে নয়, এই ম্যাচেই সত্যিকারের স্পেনকে দেখা গেছে বলে মনে করেন জোড়া গোল দেওয়া তোরেস। আর সিলভা বলেছেন, এই জয়ের মধ্য দিয়ে সমালোচকদের একটা ভালো জবাব দেওয়া গেল। ৪-০ গোলের এই বড় জয়ে একটি ইউরোপিয়ান রেকর্ড নতুন করে লিখিয়েছেন মিডফিল্ডার জাভি। এই মিডফিল্ড জেনারেল রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩৬টি প্রচেষ্টার মধ্যে ১২৭টি নিখুঁত পাস দেন। এর আগে এই রেকর্ড ছিল নেদারল্যান্ডসের রোনাল্ড কোয়েম্যানের। ১৯৯২ সালের ইউরো আসরে সে বছরের চ্যাম্পিয়ন ডেনমার্কের বিপক্ষে ১১৭টি নিখুঁত পাস দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/জেকে/০৯৫০ ঘ.