ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিওনেল মেসির কাছ থেকে বলের যোগান বন্ধ করতে পারলেই কেবল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারানো সম্ভব বলে মনে করেন ব্রাজিলের কোচ মানো মেনেজেস। নিউজার্সিতে শনিবার এক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল।
টানা তিনবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় মেসিকে এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় মেনে নিয়ে ব্রাজিলের একটি সংবাদ সংস্থাকে মেনেজেস বলেন, “আমরা বিশ্বের সেরা খেলোয়াড়ের বিপক্ষে খেলবো। তার (মেসি) একক নৈপুণ্য এক কথায় অসাধারণ। ইকুয়েডরের বিপক্ষে তার কাছে বল যেরকম স্বাধীনভাবে গেছে শনিবারের ম্যাচে সেটা কোনো ভাবেই হতে দেয়া যাবে না।”
“আমাদের অন্য সমস্যা হচ্ছে আর্জেন্টিনা এরই মধ্যে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা শুরু করে দিয়েছে। যেখানে ব্রাজিল এখনো প্রীতি ম্যাচ খেলছে। তাই আমাদের অবশ্যই কঠিন ম্যাচের প্রস্তুতি নিতে হবে,” যোগ করেন মেনেজেস।
আসন্ন লন্ডন অলিম্পিকের প্রস্তুতির জন্য সম্প্রতি প্রীতি ম্যাচগুলোয় অপেক্ষাকৃত তরুণ দলকে মাঠে নামাচ্ছেন মেনেজেস। আর ২০১৪ বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে শুরু করা আর্জেন্টিনা মূল জাতীয় দলকেই মাঠে নামাচ্ছে।
বাছাই পর্বে রোববার ইকুয়েডরকে ৪-০ গোলে উড়িয়ে দেয়া আর্জেন্টিনা ফুরফুরে মেজাজে শনিবারের ম্যাচে মাঠে নামবে। মে মাসের শেষ দিকে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রকে হারালেও ৩ জুন মেক্সিকোর কাছে ২-০ গোলে হারের দুঃখ নিয়ে মাঠে নামতে হবে ব্রাজিলকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯১৫ ঘ.
bdnews24