ঢাকা, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসি মিলান স্ট্রাইকার ইব্রাহিমোভিচের সঙ্গে সুর মিলিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোও। তিনি বলেন, মে মাসে মিউনিখে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ কে হয় তা দেখায় অপেক্ষায় আছেন তিনি।
সাইপ্রাসের দল অ্যাপোয়েল নিকোসিয়াকে হারিয়ে শেষে চারে ওঠে রিয়াল মাদ্রিদ। সেখানে তারা মুখোমুখি হবে জার্মানির দল বায়ার্ন মিউনিখের।
সেমিফাইনালের লড়াই সম্পর্কে মরিনহো বলেন, “বায়ার্ন মিউনিখের বিপক্ষে রিয়াল মাদ্রিদের লড়াইটা দারুণ হবে। সেরা দলটিই ফাইনালে বার্সেলোনার বিপক্ষে খেলবে।”
এদিকে ইতালি চ্যাম্পিয়ন এসি মিলানকে হারিয়ে শেষ চারে এসেছে বার্সেলোনা। গত সপ্তাহে সান সিরোতে প্রথম লেগের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর ন্যু ক্যাম্পে মঙ্গলবার দ্বিতীয় লেগের খেলায় ৩-১ গোলে জেতে বার্সেলোনা। তবে নিজেদের মাঠে বার্সার ওই জয় নিয়ে অনেক বিতর্ক হয়েছে। ইব্রাহিমোভিচের দাবী রেফারির আনুকূল্য নিয়েই জিতেছে বার্সেলোনা।
সেমিফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ ইংল্যান্ডের দল চেলসি। তবে সেখানে নিজের সাবেক দল চেলসির কোনো সম্ভাবনাই দেখছেন না মরিনহো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯০২ ঘ.
bdnews24