ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্তমান কমিটির কর্মকর্তারা ক্ষমতা আঁকড়ে রাখতে চান বলে মনে করেন সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির। আর এজন্যই তারা নির্বাচনী ঐক্য গড়তে আগ্রহী।
রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বর্তমান কমিটি পুরোপুরি ব্যর্থ। তাদের সময়ে ফুটবলের তেমন উন্নতি হয়নি। বরং অবনতি হয়েছে। তাদের কাছে দেশের ফুটবল তেমন নিরাপদ নয়।”
“কিন্তু তারা নিজেরাই বসে আরেক মেয়াদ ক্ষমতায় থাকা ঠিক করে নিয়েছেন। এটা মোটেও গ্রহণযোগ্য নয়,”যোগ করেন জাতীয় দলের সাবেক ফুটবলার সাব্বির।
গত শতাব্দীর আশি ও নব্বইয়ের দশকে মোহামেডানের হয়ে ঢাকার মাঠ মাতানো সাব্বিরের মতে, কর্মকর্তাদের মধ্যকার ঐক্য নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার অজুহাত মাত্র। তিনি বলেন, “কেন ঐক্যের প্রয়োজন হবে? তাহলে কি নিজেদের ওপর তাদের কোনো আস্থা নেই?”
“এটাই প্রমাণ করে গত চার বছর তারা ঠিক মতো কাজ করেননি। তা হলে ঐক্যের প্রয়োজন হতো না। নির্বাচনে তারা অনায়াসেই বিজয়ী হতে পারতেন,” যোগ করেন সাব্বির।
সাব্বিরের ধারণা, নির্বাচনে লড়াই করার মতো মনোবল কর্মকর্তাদের নেই। এ ব্যাপারে তিনি বলেন, “ নির্বাচনে জেতার জন্য আত্মবিশ্বাস চাই। ভালো কাজ করতে না পারার কারণে তাদের মধ্যে তেমন আত্মবিশ্বাস নেই।”
“তাই একটা পন্থা বের করে আবার ক্ষমতায় আসতে চায় তারা। এতে তারা সফল হলে ফুটবলই ক্ষতিগ্রস্ত হবে,” যোগ করেন সাব্বির।
সাব্বিরের মতে বাংলাদেশের ফুটবল পিছিয়ে পড়ার বড় প্রমাণ, বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন ৭ জন বিদেশী ফুটবলার নিবন্ধন করতে পারেন। তিনি বলেন, “এটাই প্রমাণ করে ভালো মানের ফুটবলার কর্মকর্তারা বের করে আনতে পারেননি। তাই তারা এত বেশি বিদেশী ফুটবলারকে খেলার সুযোগ করে দিয়েছেন।”
কর্মকর্তাদের বিরুদ্ধে নির্বাচনী নিয়ম-কানুন নিজেদের মতো করে নেয়ার অভিযোগও এনেছেন সাব্বির। এ ব্যাপারে তিনি বলেন, “কাউন্সিলর ছাড়া গত নির্বাচনে আর কেউ প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাননি। অথচ এবার কাউন্সিলর না হয়েও যে কেউ নির্বাচনের লড়াইয়ে নামতে পারবেন।”
“এর কারণ হচ্ছে এবার কাজী সালাউদ্দিন কাউন্সিলর হতে পারছেন না। তাই তাদের মধ্যে এই ঐক্যের ভাবনা, ” যোগ করেন সাব্বির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৪৫ ঘ.
bdnews24