২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসি কোচ ভিলাস বোয়াস বরখাস্ত

মাত্র আট মাস দায়িত্ব পালনের পর চেলসি কোচ আন্দ্রে ভিলাস বোয়াসকে বরখাস্ত করা হয়েছে। ফলে নয় বছরের মধ্যে অষ্টম কোচের সন্ধানে নামতে হচ্ছে ক্লাবের রুশ মালিক রোমান আব্রামোভিচকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 05:13 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাত্র আট মাস দায়িত্ব পালনের পর চেলসি কোচ আন্দ্রে ভিলাস বোয়াসকে বরখাস্ত করা হয়েছে। ফলে নয় বছরের মধ্যে অষ্টম কোচের সন্ধানে নামতে হচ্ছে ক্লাবের রুশ মালিক রোমান আব্রামোভিচকে। গত জুনে তিন বছরের চুক্তিতে চেলসিতে যোগ দেয়ার পর থেকেই সুবিধা করতে পারছিলেন না ৩৪ বছর বয়স্ক ভিলাস বোয়াস। প্রিমিয়ার লিগে শেষ ১২ খেলায় জয়ের মুখ দেখেন মাত্র তিনবার। রোববার ওয়েস্ট ব্রমউইচের কাছে ১-০ গোলে হারার পর আর ধৈর্য ধরে রাখতে পারলেন না রুশ ধনকুবের। ১৯৭৯ সালের পর দলটির কাছে প্রথম এই হারের ফলে চেলসিকে ছাড়িয়ে আর্সেনাল উঠে যায় পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। সেই সঙ্গে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাও ফিকে হয়ে যায় ব্লুজদের। চেলসির এক বিবৃতিতে রোববার বলা হয়, দলের ফলাফল ও ‘পারফরম্যান্স’ মোটেও ভালো নয়। এছাড়া মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে ‘পারফরম্যান্স’র উন্নতিরও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তাই আন্দ্রে ভিলাস বোয়াসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হলো। চেলসির সাবেক খেলোয়াড় সহকারী কোচ রবার্তো ডি মাত্তেও এ মৌসুমের শেষ পর্যন্ত দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। ওয়েস্ট ব্রমউইচের সাবেক এই কোচ প্রথম পরীক্ষা দেবেন মঙ্গলবার। সেদিন তার দল এফএ কাপের পঞ্চম পর্বে মুখোমুখি হবে বার্মিংহামের। গত বছর একটি ট্রফিও জিততে না পারায় কার্লো আনচেলোত্তিকে বরখাস্ত করে চেলসির দায়িত্ব তুলে দেযা হয়েছিল ভিলাস বোয়াসের হাতে। সে সময় আনচেলোত্তিকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হয়েছিল ৪৫ মিলিয়ন ডলার। সম্ভবত ক্ষতিপূরণ পাবেন ভিলাস বোয়াসও। কেননা তারও চাকরির বাকি ছিল দুই বছরেরও বেশি সময়। এর আগে কোনো দেশেরর প্রধান লিগে মাত্র দুই বছর কোচ হিসেবে কাজ করেন ভিলাস বোয়াস। গত মৌসুমে পোর্তোর কোচ হিসেবে চারটি প্রতিযোগিতার শিরোপা জেতায় তার নাম ছড়িয়ে পড়ে। অনেকেই তাকে অভিহিত করতে থাকেন ‘মিনি-মরিনহো’ হিসেবে। এর আগে মরিনহোর সহকারী হিসেবে চেলসিতে কাজ করেন ভিলাস বোয়াস ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত। আব্রামোভিচ চেলসি কিনে নেন ২০০৩ সালে। এর পর থেকে তিনবার প্রিমিয়ার লিগ শিরোপা, তিনবার এফএ কাপ ও দুবার লিগ কাপ জেতে তার দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৫৫ ঘ.