ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এ সপ্তাহের মাঝামাঝি সময় রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোকে লন্ডনে দেখা যাওয়ার পর তার ভবিষ্যত ঠিকানা নিয়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে নানা কথা। কিন্তু তিনি তার ভবিষ্যত নিয়ে কথা বলতে মোটেও রাজি নন।
এ মৌসুম শেষে রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে তার।
লন্ডন যান মরিনহো মঙ্গলবার। স্পেনের বিভিন্ন প্রচার মাধ্যমে বলা হয়, তিনি না কি সে সময় বাড়িরও খোঁজ করেন সেখানে। এতে গুজব ছড়িয়ে পড়ে যে, মৌসুম শেষে লন্ডনের কোনো একটি ক্লাবে চলে যেতে পারেন তিনি।
এসপানিওলের সঙ্গে রোববারের খেলার আগে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে মরিনহোর কাছে জানতে চাওয়া হলে তিনি সাফ জানিয়ে দেন, “এটা আমার সমস্যা নয়।”
“আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কারো কাছে ব্যাখ্যা দিতে বাধ্য নই। যখন ক্লাবের কেউ শহরের বাইরে চলে যান, তখন সৌজন্যতাবশত, তিনি তা ক্লাবকে জানিয়ে যান। ক্লাবের সভাপতি ও প্রধান নির্বাহীকে জানিয়েই আমি আমার ছুটির দিন শহর ছেড়ে যাই। এ জন্য সংবাদ মাধ্যম কিংবা অন্য কারো অনুমতি নেয়ার প্রয়োজন আমার নেই,” যোগ করেন মরিনহো।
নিজের ব্যাপারে কথা বলতে রাজি না হলেও দলের আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড় গঞ্জালো হিগুয়াইনের ভবিষ্যত নিয়ে কথা বলতে মরিনহো আপত্তি করেননি। তিনি বলেন, “বিশ্বের আক্রমণভাগের সেরা খেলোয়াড়দের একজন তিনি। একমাত্র নির্বোধ কোচই কেবল চাইবেন তিনি দল ছেড়ে চলে যান।”
“আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি। তাকে চলে যাওয়ার অনুমতি দেয়ার কোনো ইচ্ছা আমার নেই,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৪০ ঘ.
bdnews24