ঢাকা, ফেব্র“য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌসুমে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখলো জুভেন্টাস। সেরি আ’র পয়েন্ট তালিকার শীর্ষ দল এসি মিলানের সঙ্গে শনিবার জিততে পারেনি বটে, তবে হারও মানেনি। খেলা অমীমাংসিতভাবে শেষ হয় ১-১ গোলে। অবশ্য, ফুটবল ইশ্বর ছিলেন জুভেন্টাসেরই হাত ধরে।
সুন্দর ফুটবলের পসরা সাজিয়ে বসেছিল জুভেন্টাস ও মিলান, দু’দলই। আক্ষরিক অর্থেই তারা উপহার দেয় উপভোগ্য ফুটবল। নিষিদ্ধ থাকায় জ্লাতন ইব্রহিমোভিচ মাঠে না থাকলেও প্রথমার্ধে মিলানই ভালো খেলে। তবে দ্বিতীয়ার্ধে জুভেন্টাসের প্রাধান্য ছিল সুস্পষ্ট।
খেলার ১৪ মিনিটে মিলানকে এগিয়ে নেন আন্তোনিও নসেরিনো। কিছুক্ষণ পরই সুলেই মুন্তারির শট জুভেন্টাস গোলরক্ষক রুখে দিলেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি, বল চলে যায় গোল-লাইন অতিক্রম করে। কিন্তু রেফারির চোখ এড়িয়ে যায় তা।
টেলিভিশন রিপে¬তেও দেখা যায়, ঝাঁপিয়ে পড়ে গোলরক্ষকের বুকে টেনে নেয়ার আগে বল চলে যায় গোল-লাইন অতিক্রম করে। মিলানের কয়েক জন খেলোয়াড় রেফারির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও তাদের কথা কানেই তোলেননি তিনি। উল্টো নির্দেশ দেন খেলা চালিয়ে যাওয়ার।
কিন্তু খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে মিলানের কাছ থেকে এক পয়েন্ট কেড়ে নেন বদলী খেলোয়াড় আলেসান্দ্রো মাত্রি। অত্যন্ত কাছ থেকে নেয়া তার ডান পায়ের প্রচণ্ড ভলির সামনে আসলেই মিলান গোলরক্ষকের করার কিছুই ছিল না।
এর কিছুক্ষণ আগেই অবশ্য মাত্রির একটি গোল অফসাইড দেখিয়ে নাকোচ করে দেন রেফারি। তার এই সিদ্ধান্ত নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে বিতর্ক।
টেলিভিশন রিপে¬তে দেখা যায়, জালে পাঠানোর আগে বল নিয়ন্ত্রণে নেয়ার সময় তার ঠিক গা-ষেঁষে দাঁড়িয়েছিলেন প্রতিপক্ষ দলের রক্ষণভাগের এক খেলোয়াড়।
তবে খেলার একেবারে শেষ মিনিটে দশ জনের দলে পরিণত হয় জুভেন্টাস। ফাউল করায় আরতুরো ভিদালকে মাঠ থেকে বের করে রেফারি।
মিলানের পয়েন্ট ২৫ খেলায় ৫১, ঠিক এক পয়েন্ট পিছিয়ে আছে জুভেন্টাস। তবে এক খেলা হাতে আছে দলটির।
খেলা শেষে মিলান কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি বলেন, “আমরা ভালো খেলেছি, তাই কোনো দুঃখবোধ নেই।”
“ওই ‘গোল’টি রেফারির চোখ এড়িয়ে না গেলে বিপাকে পড়তো জুভেন্টাস। তখন খেলাটিও হতো অন্য রকম,” যোগ করেন তিনি।
জেনোয়া ও পার্মার মধ্যে দিনের অপর খেলা ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২১০ ঘ.
bdnews24