২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকা নেশন্স কাপ জাম্বিয়ার

টাইব্রেকারে ৮-৭ গোলে আইভরি কোস্টকে হারিয়ে রোববার প্রথমবারের মতো আফ্রিকা নেশন্স কাপ জিতে নিয়েছে জাম্বিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 07:18 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্ধারিত সময়ে দিদিয়ের দ্রগবার পেনাল্টি থেকে গোল করতে না পারার খেসারত দিতে হলো আইভরি কোস্টকে, নামতে হলো ‘টাইব্রেকার’ নামের øায়ুর দীর্ঘ লড়াইয়ে। আর এতে ৮-৭ গোলে হেরে যায় তারা জাম্বিয়ার কাছে। ফলে প্রথমবারের মতো আফ্রিকা নেশন্স কাপ নিজের করে নিল জাম্বিয়া। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় গোলশূন্যভাবে। গ্যাবনের রাজধানীর ফ্রেন্ডশিপ স্টেডিয়ামে টাইব্রেকারে পেনাল্টি-কিক থেকে জয়সূচক গোলটি করেন স্তপিলা সুনজু। এর আগে পর পর তিনটি পেনাল্টি-কিক থেকে গোল করতে পারেননি উভয় দলের তিন খেলোয়াড়। টাইব্রেকারে শট নিতে হয় মোট ১৮ বার। খেলার ৭০ মিনিটে পেনাল্টি পায় আইভরি কোস্ট। শট নেন দ্রগবা। কিন্ত বল চলে যায় ক্রসবারের অনেক উপড় দিয়ে। ২০০৬ সালের ফাইনালেও পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি। আর সেবারও তার দল হেরে যায় মিশরের কাছে। গত চারবার প্রতিযোগিতায় অংশ নেয় আইভরি কোস্ট ‘ফেভারিট’র তকমা গায়ে লাগিয়ে। কিন্তু ফিরে যেতে হয় খালি হাতে। টাইব্রেকারে গোল করতে পারেননি দলটির ইংলিশ প্রিমিয়ার লিগের দুই খেলোয়াড় কোলো তোরে ও গার্ভিনহো খেলা শেষে আইভরি কোস্টের কোচ ফ্রাঙ্কোইস জাহোই বলেন, “আমরা ভালো খেলতে পারিনি। তারপরও গোল করার সুযোগ আমরা পেয়েছিলাম।” একে খুবই হতাশাজনক বলে অভিহিত করে তিনি বলেন, “আমরা অন্য রকম ফলাফল আশা করেছিলাম।” খেলায় জেতার পর ১৯৯৩ সালে বিমান দুর্ঘটনায় নিহত জাম্বিয়া দলের স্মরণে একটি ব্যানার তুলে ধরেন সে দেশের খেলোয়াড়রা। খেলার শুরুতেও তাদের প্রতি শ্রদ্ধা জানান তারা। অপেক্ষাকৃত দুর্বল দল হিসেবে মাঠে নামে জাম্বিয়া। কিন্তু কুশলী ফুটবল খেলে কিছুক্ষণের মধ্যে মাঠের দখল নিয়ে নেয় তারা। যদিও অন্তত দু’বার বড় বাঁচা বেঁচে যায় তারা। ইয়াইয়া তোরে ও ম্যক্স গার্দেলের শট জাম্বিয়ার গোলপোস্টে হাওয়া লাগিয়ে বেরিয়ে যায়। কিন্তু দ্রগবা হয়ে উঠতে পারতেন আইভরি কোস্টের নায়ক। খেলার ৭০ মিনিটে ইসাক শানসা গার্ভিনহোকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে সেনেগালের রেফারি বাদারা দিয়াত্তা পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু দ্রগবার শট চলে যায় ক্রসবারের অনেক উপর দিয়ে। তারপরও টাইব্রেকারের সময় পঞ্চম শটটি নেন দ্রগবা। সেবার অবশ্য ঠিকই গোল পান তিনি। প্রথম ১৪টি শটেই গোল হয়। এরপরই জমে ওঠে নাটক। শট নিতে চাইছিলেন না কোলো তোরে। তারপরও তাকে পাঠানো হয় শট নিতে। শেষ পর্যন্ত তার শট রুখে দেন জাম্বিয়ার গোলরক্ষক। এরপর জাম্বিয়ার রেইফোর্ড কালাবাও গোল করতে ব্যর্থ হন। শট নিতে চাননি গার্ভিনহোও। তারপরও শট নিতে হয় তাকে এবং গোল করতে পারলেন না তিনিও। এরপর জয়সূচক শটটি নেন সুনজু। এর আগে দু’বার ১৯৭৪ ও ১৯৯৪ সালে ফাইনালে খেলে জাম্বিয়া। কিন্তু শিরোপা হাতে তুলতে পারেননি তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৫৪ ঘ.