২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনতার পছন্দ রেডন্যাপ

ইংল্যান্ডের কোচ হিসেবে হ্যারি রেডন্যাপকে দেখতে চাইছে সে দেশের লোকজন। কিন্তু টটেনহ্যাম হটস্পারের কোচ রেডন্যাপের লক্ষ্য প্রিমিয়ার লিগের দলটির সঙ্গে মৌসুম শেষ করা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 06:04 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের কোচ হিসেবে হ্যারি রেডন্যাপকে দেখতে চাইছে সে দেশের লোকজন। কিন্তু টটেনহ্যাম হটস্পারের কোচ রেডন্যাপের লক্ষ্য প্রিমিয়ার লিগের দলটির সঙ্গে মৌসুম শেষ করা। লন্ডনে সাংবাদিকদের তিনি বলেন, “আমি এ রকমই আশা করছি। টটেনহ্যামের সঙ্গে যদি মৌসুমের শেষ পর্যন্ত না থাকি তাহলে আমি নিজেই ভীষণ বিস্মিত হবো।” প্রিমিয়ার লিগে ২৪ খেলায় ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম। তার এই সাফল্যই তাকে ইংল্যান্ডের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রাখছে। বুধবার দেশটির জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান ফ্যাবিও ক্যাপেলো। ইংল্যান্ডের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) এখন সম্ভাব্য কোচের একটি ছোট তালিকা তৈরি করার কাজে ব্যস্ত রয়েছে। কিন্তু ব্রিটেনের প্রচারমাধ্যম এরই মধ্যে রেডন্যাপকে অভিহিত করা শুরু করেছে জনগণের পছন্দের কোচ হিসেবে। দুই সপ্তাহের শুনানী শেষে কর ফাঁকির মামলা থেকে রেহাই পান রেডন্যাপ বুধবার। এই ধাক্কা সামালে ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে তার আরো কয়েক দিন লাগবে বলে তিনি জানান। রেডন্যাপ বলেন, “ইংল্যান্ডের কোচ হওয়ার কথা আমি চিন্তাই করিনি।” টটেনহ্যামের কোচ হওয়াকেই তিনি তার সৌভাগ্য বলে অভিহিত করেন। ইংল্যান্ডের কোচের দায়িত্বকে তিনি খুবই কঠিন কাজ বলে মনে করছেন। বড় বড় প্রতিযোগিতায় নিয়মিতই খেলছে ইংল্যান্ড। কিন্তু বয়ে আনতে পারছে না ভালো কোনো ফলাফল। আর এবারের ইউরো খেলতে যাচ্ছে তারা স্থায়ী কোনো কোচ ও অধিনায়ক ছাড়াই। প্রতিযোগিতাটি হবে পোল্যান্ড ও ইউক্রেনে। শুরু হবে ৮ জুন, শেষ হবে ১ জুলাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৪৮ ঘ.