ঢাকা, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রীতিমতো বেকায়দায় পড়েছিল লাৎসিও। দুই গোলে পিছিয়ে পড়ার পাশাপাশি প্রায় এক ঘন্টা খেলতে হয়েছে দশ জনকে নিয়ে। তারপরও বৃহস্পতিবার সেরি আ’য় সেসনাকে হারিয়েছে ৩-২ গোলে। আর কাতানিয়া ও রোমার মধ্যে দিনের অন্য খেলা শেষ হয় ১-১ গোলে অমীমাংসিতভাবে।
স্তাদিও অলিম্পিকোয় খেলার ১৪ মিনিটে আদ্রিয়ান মুতুর গোলে এগিয়ে যায় সেসনা। পাল্টা-আক্রমণ থেকে গোলটি করেন তিনি। তবে আক্রমণের রূপকার ছিলেন মাঝমাঠের খেলোয়ার গুইসেপ্পে কলুচ্চি। তিনি বল দেন ভিনসেঞ্জো ইয়াকুইন্তাকে। এরপর মুতুকে গোলের জন্য অত্যন্ত সহজ বল বানিয়ে দেন ইয়াকুইন্তা। ফলে জালে বল পাঠাতে কোনো অসুবিধাই হয়নি তার।
খেলার আধঘণ্টা পেরিয়ে যাওয়ার পরপর লাৎসিও নিজের পায়ে নিজেই গুলি করে। অফ-সাইডের ফাঁদ এড়িয়ে গোলপোস্টের দিকে ধাবমান মুতুকে ধাক্কা দেয়ায় রেফারি মাঠ থেকে বের করে দেন রক্ষণভাগের খেলোয়াড় আব্দুলেই কঙ্কোকে। সেই সঙ্গে বাঁশি বাজান পেনাল্টির।
ইয়াকুইন্তার পেনাল্টি-কিক ঠেকানোর জবাব জানা ছিল না লাৎসিওর গোলরক্ষকের।
সেসনা বিরতিতে যায় দুই গোলে এগিয়ে থেকে। তখন নিঃসন্দেহে জয়ের সুবাস পাচ্ছিল তারা।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর পর লাৎসিও’র খেলায় ঘুরে দাঁড়ানোর লক্ষণও মেলেনি। কিন্তু ৫৩ থেকে ৬৩, এই দশ মিনিটে বদলে যায় খেলার চিত্র। প্রথম গোলটি করেন হার্নানেস। মিরোস্লাভ ক্লোসার কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ চিড়ে ঢুকে পড়েন তিনি ভেতরে। এরপর নেন প্রচণ্ড শট। বলও ঠিকানা খুঁজে নেয় জালে।
পরের মিনিটেই সেসনা আবারো দুই গোলে এগিয়ে গিয়েছিল প্রায়। মারিও সান্তানার শট বেরিয়ে যায় ক্রসবারের হাওয়া লাগিয়ে।
ঘড়ির কাটা ৬১ মিনিট ছোঁয়ার সঙ্গে সঙ্গে লাৎসিওকে খেলায় ফেরান সেনাদ লুলিচ। এই গোলটির পেছনেও অবদান রয়েছে ক্লোসার। বল বানিয়ে দিয়েছিলেন তিনিই।
দুই মিনিট পরই জয়সূচক গোল করেন লিবোর কোজাক। গোলমুখে জটলা থেকে বল পেয়ে যান তিনি। সেই বল পাঠিয়ে দেন কোজাক সেসনা গোলরক্ষক ফ্রান্সেসকো আন্তোনিওলি ও ডান পোস্টের মাঝামাঝি জায়াগা দিয়ে।
এই খেলায় জিতে উদিনেসকে টপকে ২৩ খেলায় ৪২ পয়েন্ট নিয়ে লাৎসিও উঠে এলো তালিকার তৃতীয় স্থানে। শনিবার দ্বিতীয় দল এসি মিলানের সঙ্গে খেলবে উদিনেস। আর সেসনা রয়ে গেলো তালিকার ১৯ নম্বরে। দলটির পয়েন্ট ২২ খেলায় ১৬।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০২৭ ঘ.
bdnews24