২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যালেন্সিয়াকে হারিয়ে ফাইনালে বার্সেলোনা

ভ্যালেন্সিয়াকে হারিয়ে স্প্যানিশ কিংস কাপ বা কোপা দেল রে’র ফাইনালে উঠেছে বার্সেলোনা। বুধবার নিজেদের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগে তারা ২-০ গোলে জিতেছে। ফলে দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে এগিয়ে থেকে চার বছরের মধ্যে তৃতীয়বারের মত প্রতিযোগিতাটির ফাইনালে উঠলো বার্সেলোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 11:11 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভ্যালেন্সিয়াকে হারিয়ে স্প্যানিশ কিংস কাপ বা কোপা দেল রে’র ফাইনালে উঠেছে বার্সেলোনা। বুধবার নিজেদের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগে তারা ২-০ গোলে জিতেছে। ফলে দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে এগিয়ে থেকে চার বছরের মধ্যে তৃতীয়বারের মত প্রতিযোগিতাটির ফাইনালে উঠলো বার্সেলোনা। গত সপ্তাহে ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তালায় প্রথম লেগে পিছিয়ে পড়েও কার্লোস পুয়োলের লক্ষ্যভেদে ১-১ গোলে ড্র করেছিলো বার্সা। প্রতিপক্ষের মাঠে গোল করার সুবিধা নিয়ে ‘ন্যু ক্যাম্পে’ খেলতে নেমেছিলো পেপ গার্দিওলার দল বার্সেলোনা। ১৬ মিনিটে লিওনেল মেসির লম্বা পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষ গোলরক্ষক ডিয়েগো আলভেসকে বোকা বানিয়ে বল জালে জড়ান সেস ফ্যাব্রেগাস। এই মৌসুমে এটা তার পঞ্চদশ গোল। ৭৬ মিনিটে মিডফিল্ডার সোফিয়ান ফেঘুলির দ্বিতীয় হলুদ কার্ড দশজনের দলে পরিণত করে ভ্যালেন্সিয়াকে। তার পাঁচ মিনিট পরই ফ্যাব্রেগাসের পাস থেকে গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন জাভি হার্নান্দেজ। এটি মৌসুমে তার দশম গোল। কোপা দেল রেতে বার্সেলোনা রেকর্ড ২৫বারের চ্যাম্পিয়ন। আগামী ২৫ মে মাদ্রিদে অনুষ্ঠেয় ফাইনালে তাদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। ২০০৯ সালে বিলবাওকে হারিয়েই ২৪তম শিরোপা জিতেছিলো বার্সেলোনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৬৫৫ ঘ.