২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমিলির হ্যাটট্রিকে কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল

অনেক দিন পর জাহিদ হাসান এমিলির জীবনে হ্যাটট্রিকের আনন্দ। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এমিলির নৈপুণ্যে ফেনীর রামপুর বয়েজ ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 01:22 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনেক দিন পর জাহিদ হাসান এমিলির জীবনে হ্যাটট্রিকের আনন্দ। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এমিলির নৈপুণ্যে ফেনীর রামপুর বয়েজ ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ‘এ’ গ্রুপ থেকে শেখ রাসেলের পাশাপাশি শেষ আট নিশ্চিত হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডেরও। দুদলই গ্রুপে নিজেদের দুই ম্যাচেই জিতেছে। শুক্রবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে তারা। ২০০৯-১০ মৌসুমে মোহামেডানের হয়ে সর্বশেষ হ্যাটট্রিকের দেখা পেয়েছিলেন এমিলি। গত দুই মৌসুম দেশের অন্যতম সেরা স্ট্রাইকার তেমন সাফল্য পাননি। ২০১০-১১ মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে চারটি এবং গতবার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের জার্সি গায়ে ছয়টি গোল করেন তিনি। তবে এবার কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল শেখ রাসেলের হয়ে দ্বিতীয় ম্যাচেই হ্যাটট্রিক পেয়ে উচ্ছ্বসিত এমিলি। খেলা শেষে তিনি বলেন, “কোচের সঙ্গে আমাদের বোঝা-পড়া খুবই ভালো। তাই চাপ মুক্ত হয়ে খেলতে পারছি। এ কারণে গোলও পাচ্ছি।” বুধবার শেখ রাসেলের অন্য তিন গোলের দুটি হাইতির স্ট্রাইকার সনি নরদের, আর একটি মরক্কোর মিডফিল্ডার আবুল কাসেমের। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অন্য ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘ ২-০ গোলে খুলনা আবাহনীকে হারিয়েছে। বিজয়ী দলের দুই গোলদাতা খোকন ও নাইজেরীয় স্ট্রাইকার বেঞ্জামিন কুপার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯১৫ঘ.