ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে অনায়েশেই জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। টানা দ্বিতীয় জয়ে কোয়ার্টার ফাইনালে খেলা অনেকটাই নিশ্চিত করেছে সাদা-কালোর শিবর।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জ এমএফএসের সঙ্গে।
তরুণ মিডফিল্ডার সোহেল রানার জোড়া গোল মোহামেডানের জয়ের উৎস। অপর গোলটি করেন উইঙ্গার শরিফুল ইসলাম।
ম্যাচের ২৯ মিনিটে সোহেল রানার গোলে এগিয়ে যায় মোহামেডান। মোবারক হোসেনের ক্রসে সোহেল চমৎকার শটে লক্ষ্যভেদ করেন (১-০)।
প্রথমার্ধে আর কোন গোল হয়নি।
৬০ মিনিটে সেই সোহেল রানাই ব্যবধান দ্বিগুন করেন। আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে প্লেসিং শটে গোল করেন সোহেল (২-০)।
তৃতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মোহামেডানকে। চার মিনিট পর মিডফিল্ডার মতিউর মুন্নার পাসে শরিফুলের জোরালো শট বল ঠিকানা খুঁজে পায় পুলিশ জালে (৩-০)।
মোহামেডান কোচ সাইফুল বারী টিটু দলের এই জয়ে খুশি। তিনি বলেন, “কঠোর অনুশীলনের কারণে খেলোয়াড়দের ক্লান্তি এখনো কেটে উঠেনি। তারপরও যথেষ্ঠই ভালো খেলেছে দল। দু’একটি ভুল ত্র“টি বাদ দিলে সবমিলিয়ে ছেলেরা ভালোই খেলেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৮৩০ঘ.
bdnews24