ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্যুৎ বিভ্রাট শনিবার গ্রামীণফোন ফেডারেশন কাপের মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও নোয়াখালী ফুটবল অ্যাকাডেমির লড়াই থামিয়ে দিয়েছিল মাঝপথে। সোমবার নতুনভাবে হওয়া এই ম্যাচে ৭-১ গোলের বিশাল জয় পাওয়া মুক্তিযোদ্ধার কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত।
কক্সসিটি এফসি সরে দাঁড়ানোয় ‘বি’ গ্রুপে দলের সংখ্যা কমে দাঁড়িয়েছে তিনে। অর্থাৎ একটি ম্যাচ জিতলেই শেষ আট মোটামুটি নিশ্চিত। গ্রুপের অন্য দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব নোয়াখালীর দলটির কাছে বড় ব্যবধানে না হারলেই কোয়ার্টার ফাইনালে চলে যাবে মুক্তিযোদ্ধা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোল-উৎসবে মেতে উঠলেও প্রথমার্ধে কিন্তু মুক্তিযোদ্ধা লক্ষ্যভেদ করতে পারেনি। ৫১ মিনিটে মিডফিল্ডার জুয়েল রানার বাঁ পায়ের চমৎকার শট এগিয়ে দেয় তাদের।
৫৪ মিনিটে মিডফিল্ডার আজমল হোসেন বিদ্যুতের জোরালো শটে দ্বিগুণ হয় ব্যবধান। ৫৯ মিনিটে আবার বিদ্যুতের গোল।
এরপর ৬২ মিনিটে ফয়সাল মাহমুদ, ৭৪ মিনিটে শিহাব, ৭৫ মিনিটে মোহাম্মদ বিপ্ল¬ব ও ৭৯ মিনিটে শ্যামল আহমেদ রনির গোলে বিশাল জয় নিশ্চিত হয় মুক্তিযোদ্ধার।
পেনাল্টি থেকে নোয়াখালী ফুটবল অ্যাকাডেমির সান্ত¡নার গোলটি মুরাদের। তবে সেই ‘আনন্দ’ মাটি করে দিয়েছে শেষ বাঁশির মিনিট খানেক আগে বক্সের বাইরে এসে বল ধরার অপরাধে বদলি গোলরক্ষক মিনহাজের লাল কার্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১২ঘ.
bdnews24