ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফাইনালে রাফায়েল নাদালকে ৫-৭, ৬-৪, ৬-২, ৬-৭, ৭-৫ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখলেন নোভাক জোকোভিচ। পাঁচ ঘন্টা ৫৩ মিনিট তীব্র লড়াইয়ের পর বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট জয়ের আনন্দে মেতে ওঠেন পুরুষদের র্যাংকিংয়ে শীর্ষে থাকা জোকোভিচ।
এটি তার তৃতীয় অস্ট্রেলিয়ান ওপেন এবং পঞ্চম গ্র্যান্ড স্লাম শিরোপা।
এই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতার ফাইনাল রোববার শুরু হয়ে শেষ হলো সোমবার দিবাগত রাতে। মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় খেলা শেষ হওয়ার সময় ঘড়িতে সময় দেখাচ্ছিলো রাত ১টা ৩৭ মিনিট! ওপেন যুগে এটিই কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের দীর্ঘতম ফাইনাল। আগের রেকর্ডটি ছিলো ১৯৮৮ সালে ম্যাটস উইলান্ডার ও ইভান লেন্ডলের ইউএস ওপেনের ফাইনাল। ঐ ম্যাচটির স্থায়ীত্ব ছিলো চার ঘন্টা ৫৪ মিনিট।
১৯৬৮ সালে ওপেন যুগ শুরু হওয়ার পর পুরুষ এককে পঞ্চম খেলোয়াড় হিসেবে টানা তিনটি গ্র্যান্ড স্লামের শিরোপা জিতলেন জোকোভিচ। কাকতালীয়ভাবে তিনটিরই ফাইনালে তার প্রতিপক্ষের নাম নাদাল।
র্যাংকিংয়ের সাবেক এক নম্বর ও বর্তমানে দুই নম্বর খেলোয়াড় নাদাল গত মার্চ থেকে এ নিয়ে টানা সাতটি প্রতিযোগিতার ফাইনালে জোকোভিচের কাছে হার মানলেন।
ম্যাচ শেষে ট্রফি হাতে উচ্ছ্বসিত জোকোভিচ প্রতিপক্ষের প্রশংসা করে বলেন, “রাফা (নাদাল) সেরা খেলোয়াড়দের একজন। এটা ভীষণ দুর্ভাগ্যজনক, দুজন একসঙ্গে জয়ী হতে পারেন না। আশা করি ভবিষ্যতে এরকম আরো অনেক ম্যাচ খেলবো আমরা।”
অন্যদিকে প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়ে নাদাল বলেন, “এটা তার প্রাপ্য ছিলো। আমি এখানে চমৎকার দুটো সপ্তাহ কাটিয়েছি।”
নিজের সমর্থকদেরও ধন্যবাদ জানান নাদাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৩৬ ঘ.
bdnews24