২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাত্রির জোড়া গোলে জুভেন্টাসের জয়

কোনো বিরতি চিহ্ন ছাড়াই জয়ের পথ ধরে চলছে জুভেন্টাস। সেরি আ’র শিরোপার দৌড়েও খানিকটা এগিয়ে গেল শনিবার, পয়েন্ট তালিকার তৃতীয় দল উদিনেসকে ২-১ গোলে হারিয়ে। গোল দু’টো আসে আলেসান্দ্রো মাত্রির পা থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 05:32 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোনো বিরতি চিহ্ন ছাড়াই জয়ের পথ ধরে চলছে জুভেন্টাস। সেরি আ’র শিরোপার দৌড়েও খানিকটা এগিয়ে গেল শনিবার, পয়েন্ট তালিকার তৃতীয় দল উদিনেসকে ২-১ গোলে হারিয়ে। গোল দু’টো আসে আলেসান্দ্রো মাত্রির পা থেকে। এর আগে কাতানিয়া ও পার্মার মধ্যে দিনের অপর খেলাটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। জুভেন্টাস অ্যারেনায় ৪২ মিনেটে দলকে এগিয়ে নেন মাত্রি। খেলায় সমতা ফেরান আন্তোনিও ফ্লোরো ফ্লোরেস ৫৬ মিনিটে। আর ৬২ মিনিটে দলকে জয় উপহার দেন মাত্রি। এই জয়ের ফলে অপরাজিত জুভেন্টাস চার পয়েন্ট এগিয়ে গেল দ্বিতীয় দল এসি মিলানের চেয়ে। রোববার কালিয়ারির বিপক্ষে খেলবে মিলান। পক্ষান্তরে উদিনেস পিছিয়ে পড়লো দুই পয়েন্ট। ফলে ইন্টার মিলানের নাগালের মধ্যে চলে এলো দলটি। ইন্টার রোববার অতিথি হয়ে যাবে লেসের মাঠে। জুভেন্টাস ২০ খেলায় ৪৪ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। সমান খেলায় উদিনেসের পয়েন্ট ৩৮। ইন্টারের ৩৫। খেলা শেষে জুভেন্টাস কোচ আন্তোনিও কোন্তে বলেন, “এই খেলা নিয়ে আমি বেশ উদ্বিগ্ন ছিলাম। কেননা উদিনেস এমন একটা দল, যারা চমৎকার ফুটবল খেলছে। এছাড়া বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড়ও আছে দলে।” “শেষের দিকে খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়েছিলেন। কিন্তু আমরা ভালোভাবে খেলা নিজেদের নিয়ন্ত্রণে রেখে এই জয় পেয়েছি। যদিও মাঝমাঠে খেলোয়াড়রা বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বেশ কয়েকবার। তাই পাল্টা আক্রমণ চালানোর অনেক জায়গা পায় উদিনেস,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১০১ ঘ.