ঢাকা, ২৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লাৎসিওকে ৩-১ গোলে হারিয়ে ইতালিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে এসি মিলান। সেই সঙ্গে কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিও পৌঁছে গেছেন সান সিরোতে কাপ ফিরিয়ে আনার আরো কাছাকাছি।
শেষ চারে মিলানকে খেলতে হবে জুভেন্টাসের সঙ্গে। এ মৌসুমে অপরাজিত রয়েছে দলটি। সেরি আ’য় ১৯ খেলায় ৪১ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। সমান খেলায় ঠিক এক পয়েন্ট পিছিয়ে আছে মিলান।
সান সিরোতে বৃহস্পতিবার খেলার শুরু থেকেই মিলান চেপে ধরে লাৎসিওকে। যদিও খেলার ধারার বিপরীতে শুরুতেই গোল খেয়ে বসে। লাৎসিও’র জিবরিল সিসে গোলটি করেন খেলার পাঁচ মিনিটে।
এরপর পুরো খেলায় আলেগ্রির খেলোয়াড়দের গল্প। গোলের দুয়ার খুলে দেন রবিনহো ১৫ মিনিটে। এরপর নিশানা ভেদ করেন ক্লেয়ারেন্স সিড্রফ ও বদলি খেলোয়াড় জ্লাতন ইব্রাহিমোভিচ। সিড্রফ তার গোলটি করেন ঠিক তিন মিনিট পর। আর ইব্রাহিমোভিচ নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে।
মিলান শেষবার কাপ জিতেছিল ২০০২-০৩ মৌসুমে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৩১ ঘ.
bdnews24