ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে শেষ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৪-২ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে।
শনিবার সেমিফাইনালে শেখ রাসেলের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এর আগে শুক্রবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ও টিম বিজেএমসি। দুটি ম্যাচই শুরু হবে বিকেল ৪ টায়।
বুধবার কিক অফের চার মিনিটের মধ্যেই দুই গোল পেয়ে যাওয়ায় জয় নিয়ে আর ভাবতে হয়নি শেখ রাসেলকে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম গোলের জন্ম। ফয়সাল মাহমুদের কর্নার বুক দিয়ে নামিয়ে ছোট ডি বক্সের বাইরে থেকে বল জালে জড়িয়ে দেন আনোয়ার হোসেন (১-০)।
দু মিনিট পর আবার গোল। আর্নেস্ট সিয়ানকাম এমাকোকে আরামবাগের ডিফেন্ডার আমাদি মোজেস বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি আজাদ রহমান। সুযোগটার সদ্ব্যবহার করেন ক্যামেরুনের স্ট্রাইকার এমাকো নিজেই (২-০)।
দুই গোলে পিছিয়ে পড়লেও আরামবাগ হতোদ্যম হয়ে পড়েনি। প্রথমার্ধেই গোল দুটো শোধ করে ফেলে তারা। ৩২ মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার এলেটা কিংসলের পাস থেকে তারই স্বদেশী মিডফিল্ডার জোয়েল উজোমের লক্ষ্যভেদ ব্যবধান কমিয়ে আনে (২-১)।
৩৮ মিনিটে সমতাও নিয়ে আসে আরামবাগ। প্রদীপ বড়–য়ার ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে ২-২ করেন কিংসলে।
প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
তবে বিরতির পর শেখ রাসেলকে বেশিক্ষণ আটকে রাখতে পারেনি আরামবাগ। ৫২ মিনিটে মিডফিল্ডার ফয়সাল মাহমুদ এগিয়ে দেন শেখ রাসেলকে। আনোয়ারের ক্রস আরামবাগের এক ডিফেন্ডার কোনো রকমে ফেরালেও ডি বক্সের ভেতর থেকে নেয়া ফয়সালের জোরালো শট কেউ ঠেকাতে পারেনি (৩-২)। যদিও গোলটি করার ঠিক পরেই আহত হয়ে মাঠের বাইরে চলে যান ফয়সাল।
শেষ মুহূর্তে আরেকটি গোল পায় শেখ রাসেল। ৮৯ মিনিটে আনোয়ারের থ্রু থেকে ইউসুফের প্লে¬সিং শট জড়িয়ে যায় জালে (৪-২)।
ম্যাচটা দশ জন নিয়েও শেষ করতে পারেনি আরামবাগ। ৭৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়েছে আরামবাগের অধিনায়ক দ্বীন মোহাম্মদকে।
ম্যাচশেষে শেখ রাসেলের কোচ মারুফুল হক জানান, শুরুতেই দুই গোল পেয়ে যাওয়ায় জয়টা সহজসাধ্য হয়েছে তাদের জন্য।
তিনি বলেন, “আরামবাগ শক্ত প্রতিপক্ষ। কিন্তু আমরা শুরুতেই দুই গোল পেয়ে যাওয়ায় সহজে জিততে পেরেছি।”
“অবশ্য আরামবাগ দুটো গোলই শোধ করে ফেলায় বেশ শঙ্কিত হয়ে পড়েছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে আরামবাগ ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি,” যোগ করেন মারুফুল।
অন্যদিকে আরামবাগের কোচ কাজী জলি এই হারের জন্য ডিফেন্ডারদের দুষছেন। তিনি বলেন, “ডিফেন্ডারদের ভুলেই আমরা হেরেছি। তাই সমতা এনেও কোনো লাভ হয়নি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮৪৯ঘ.
bdnews24