ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেডারেশন কাপ ফুটবলের গ্র“প পর্ব থেকেই বিদায় নেয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নাইজেরীয় কোচ এমেকা ইউজিগো ভীষণ হতাশ। এমন বিপর্যয়ের কথা তিনি কল্পনাও করতে পারেননি।
দলের এই দুর্দশার জন্য ভালো খেলোয়াড়ের অভাবকেই দায়ী করছেন এমেকা। তিনি বলেন, “ভালো ফলের জন্য প্রয়োজন ভালো মানের খেলোয়াড়। দলকে সামনের দিকে এগিয়ে নেয়ার মতো বিদেশী বা স্থানীয় কোনো খেলোয়াড় মোহামেডানে নেই। তাই এমনটা হওয়াই স্বাভাবিক।”
“মোহামেডানের এমন চেহারা দেখার কথা আমি কল্পনাও করতে পারিনি। খেলোয়াড়ি-জীবনে এই দলের পক্ষে কখনোই এভাবে হারার অভিজ্ঞতা হয়নি আমার। অথচ কোচ হিসেবে এবারের ফেডারেশন কাপে সেই লজ্জা পেতে হলো,” যোগ করেন আশির দশকে মোহামেডানের অনেক স্মরণীয় জয়ের নায়ক।
মোহামেডানের কোচের দায়িত্ব গ্রহণ তার জীবনের একটি কঠিন পরীক্ষা বলেই মনে করেন এমেকা। তিনি বলেন, “আমি ভাবতেই পারিনি পরীক্ষাটা এতটা কঠিন হবে। এই দল নিয়ে লিগেও সাফল্য পাওয়া মুশকিল।”
ফেডারেশন কাপে হতাশাজনক ফলের কারণে কয়েকজন বিদেশী খেলোয়াড়কে বিদায় করে দিচ্ছে মোহামেডান। এ প্রসঙ্গে এমেকা বলেন, “আমি যে ক্লাবের হয়ে খেলেছি সেখান থেকেই ৭ জন খেলোয়াড়কে আনা হয়েছে। তারা ভালো মানের খেলোয়াড়। কিন্তু পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে না পারায় তাদের কেউ, কেউ হয়তো ভালো করতে পারছে না। তাই কয়েক জনকে বিদায় করে দেয়া হবে। তবে তাদের নাম এখনই বলতে চাচ্ছি না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৪ঘ.
bdnews24