ঢাকা, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এফএ কাপ থেকে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে বিদায় করে দিয়ে প্রিমিয়ার লিগে হারের প্রতিশোধ নিল ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েন রুনির জোড়া গোলের ওপর ভর করে দশজনের সিটির বিপক্ষে জেতে তারা ৩-২ গোলে।
নিজেদের মাঠে মেঘলা আকাশের নিচে খেলার শুরু থেকেই আলো ছড়াতে থাকে সিটি। অত্যন্ত দক্ষতার সঙ্গে বল দেয়া-নেয়া করে প্রতিপক্ষের রক্ষণভাগে প্রায় কাঁপন ধরিয়ে দেয়। কিন্তু গোলের খেলা ফুটবলে গোল পায়নি তারা। গোল পায় ইউনাইটেড, খেলার দশ মিনিটে প্রথম আক্রমণেই।
ডান প্রান্তে আন্তনিও ভালেন্সিয়াকে বল ঠেলে দিয়ে প্রতিপক্ষের গোলপোস্টের দিকে দৌড়াতে থাকেন ওয়েন রুনি। ঠিক সময় মতো উঁচু করে আড়াআড়িভাবে বল ফেলেন ভালেন্সিয়া সিটির বিপদ সীমানায়। রুনিও মাথা দিয়ে বল পাঠিয়ে দেন জালে।
এর দুই মিনিট পর ন্যানিকে ফাউল করায় রেফারি মাঠ থেকে বের করে দেন সিটির রক্ষণভাগের খেলোয়াড় ভিনসেন্ট কোম্পানিকে।
খেলার ৩০ মিনিটে বাঁ-দিক দিয়ে ভেতরে ঢুকে শট নেন ন্যানি। কিন্তু রক্ষণভাগের এক খেলোয়াড়ের গায়ে লেগে বল উঠে যায় আকাশে। সেই বল পড়ে ইউনাইটেডের ড্যানি ওয়েলবেকের পায়ে। এক মুহূর্ত দেরি না করে বল জড়িয়ে দেন তিনি জালের দূর কোনায়।
প্রথমার্ধের শেষ দিকে আলেকসান্দার কোলারভ ওয়েলবেককে অবৈধভাবে বাধা দেয়ায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি শট নেন রুনি। গোলরক্ষক বল ঠেকিয়ে দিলেও নিয়ন্ত্রেণে রাখতে পারেননি। ফিরতি বল জালে পাঠিয়ে রুনি দলকে এগিয়ে নেন ৩-০ গোলে।
দশজনের দলে পরিণত হওয়ার পরও সিটির আক্রমণে কিন্তু ভাটা পড়েনি।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পরপর ফ্রি-কিক থেকে গোল করেন কোলারভ। খেলার ৬৪ মিনিটে সার্জিও অ্যাগুয়েরো আরেকটি গোল শোধ করেন। তার প্রথম শটটি অবশ্য ঠেকিয়ে দিয়েছিলেন গোলরক্ষক আন্দ্রেস লিন্ডেগার্ড। কিন্তু নিয়ন্ত্রণে রাখতে না পারায় বল চলে যায় আবারো অ্যাগুয়েরোর পায়ে। এবার আর গোলরক্ষককে কোনো সুযোগই দেননি তিনি।
এরপর গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে সিটি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
এই খেলায় পল স্কলেসকে বদলী হিসেবে মাঠে নামান স্যার অ্যালেক্স ফার্গুসন। এর আগে অবসরের ঘোষণা দিয়েছিলেন স্কলেস।
প্রিমিয়ার লিগে সিটির কাছে ৬-১ গোলে হার মেনেছিল ইউনাইটেড।
জিতেও খুশি নন ফার্গুসন, “দ্বিতীয়ার্ধে আমরা অনেক বেশি ভুল করেছি। এ কারণে তারা আমাদের শাস্তি দিয়েছে।”
পক্ষান্তরে হেরেও খুশি সিটি কোচ রবার্তো মানচিনি, “চমৎকার খেলেছে আমার দশজনের দল। দ্বিতীয়ার্ধে আমরা নিজেদের ঘরই কেবল সামাল দেইনি, দুটো গোলও দিয়েছি। এর মধ্য দিয়ে খেলোয়াড়দের মধ্যে জয়ের তীব্র আকাঙ্খাই স্পষ্ট হয়ে উঠেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৪৭ ঘ.
bdnews24