ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিয়েগো মারাদোনাও ঘুষ নিয়েছিলেন! এমন ভয়ঙ্কর অভিযোগ করেছেন তার সাবেক ব্যক্তিগত সহকারী গ্যাব্রিয়েল বুয়োনো।
বুয়োনো শনিবার মারাদোনা সম্পর্কে বলেন, "তিনি ঘুষ নিয়ে অনেক কথাই বলছেন। অথচ দুর্নীতিগ্রস্ত ব্যক্তির খোঁজ করা হলে প্রথমেই মারাদোনার নাম আসবে। এর প্রমাণও আছে আমার কাছে।"
বৃহস্পতিবার আর্জেন্টিনার সাবেক কোচ সার্জিও বাতিস্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ তোলেন মারাদোনা। তার অভিযোগ ছিলো, ঘুষের বিনিময়ে কয়েকজন খেলোয়াড়কে জাতীয় দলে খেলার সুযোগ করে দিয়েছিলেন বাতিস্তা। যদিও বাতিস্তা তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন।
সপ্তাহ না ঘুরতে সেই একই অভিযোগের আঙ্গুল উঠলো আর্জেন্টিনার ফুটবল ঈশ্বরের দিকে।
২০১০ বিশ্বকাপের পর জাতীয় দলে মারাদোনার স্থলাভিষিক্ত হয়েছিলেন বাতিস্তা। কিন্তু জুলাইয়ে ঘরের মাঠে কোপা আমেরিকায় দলের চরম ব্যর্থতার মাশুল দিয়ে চাকরি হারাতে হয় তাকে।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলের কোচ মারাদোনার বিরুদ্ধে এরই মধ্যে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন বাতিস্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৪৬ ঘ.
bdnews24