ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্টার মিলানের হয়ে সেরি আয় প্রথমবারের মতো মাঠে নেমেই গোল করলেন দিয়েগো ফোরলান। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। পালের্মোর কাছে হারতে হলো তার দলকে ৪-৩ গোলে।
পালের্মোর মাঠে অতিথি হয়ে খেলতে নেমেই চেপে ধরে স্বাগতিকদের। ৩৩ মিনিটে মাঠ ভর্তি দর্শকদের হতাশ করে ইন্টারকে এগিয়ে নেন আক্রমণভাগের খেলোয়াড় দিয়াগো মিলিতো। বেশ কয়েকবার পাল্টা-আক্রমণ চালালেও গোলের দেখা মেলেনি।
দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নেয় পালের্মো। খেলতে থাকে আক্রমণাত্মক ফুটবল। ফলও পায় হাতে হাতে। ৪৮ মিনিটে অধিনায়ক ফ্যাবরিজিও মিক্কোলি গোল করে দলকে সমতায় ফেরান।
৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইন্টারকে আবারো এগিয়ে নেন মিলিতো। পালের্মোর মাঝমাঠের খেলোয়াড় ব্যারেতো নিজেদের বক্সে ইন্টারের রক্ষণভাগের খেলোয়াড় ওয়াল্টার স্যামুয়েলকে অবৈধভাবে বাধা দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
মাত্র দুই মিনিট পর খেলায় সমতা আনেন অ্যাবেল হার্নান্দেজ। যোশিপ লিসিস ও মিক্কোলি নিজের মধ্যে বল আদান-প্রদাণ করে ফাঁকি দেন ইন্টারের রক্ষণভাগের তিন খেলোয়াড়কে। এরপর হার্নান্দেজ বল দেন মিক্কোলি। ফাঁকা জালে বল জড়াতে কোনো অসুবিধা হয়নি তার।
এরপর পালের্মোর আক্রমণের ধার আরো বেড়ে যায়। ৬৪ মিনিটে একক প্রচেষ্টায় গোল প্রায় করেই ফেলেছিলেন লিসিস। কিন্তু তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সেই যাত্রায় দলকে বাঁচান ইন্টার গোলরক্ষক জুলিও সিজার। তবে দেখতে হয় হলুদ কার্ড।
খেলার ৮৪ মিনিটে ২৫ গজ দূর থেকে গোল করে সমতা ভেঙ্গে দলকে এগিয়ে নেন মিক্কোলি। দুই মিনিট পর বদলি খেলোয়াড় পিনিল¬া পালের্মোর জয় নিশ্চিত করেন।
দিয়াগো ফোরলানের অতিরিক্ত সময়ের গোল (৯০ ২) দলের হারের ব্যবধানটাই কেবল কমিয়েছে।
২০০৪ সালের পর লিগের কোনো খেলায় এই প্রথম ইন্টারের জাল ক্ষতবিক্ষত হলো চারবার। ওই বছর মার্চে রোমার কাছে ৪-১ গোলে হার মানে দলটি।
খেলা শেষে ইন্টারের নতুন কোচ গিয়ান পিয়েরো গাস্পেরিনি বলেন, "প্রতিপক্ষের পাল্টা-আক্রমণ রুখতে আমাদের রীতিমতো হিমশিম খেতে হয়েছে। এটা মেনে নেয়া যায় না।"
"আসলে আমাদের আরো অনেক উন্নতি করতে হবে," মূল্যায়ন গাস্পেরিনির।
দিনের অন্য খেলায় উদিনেস ২-০ গোলে হারিয়েছে লেচ্চিকে। এছাড়া আতলান্তা- জেনোয়া ২-২ ও সিয়েনা-কাতানিয়া খেলা গোলশূন্য ড্র হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৫৫১ ঘ.
bdnews24