ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লা লিগায় মৌসুমের প্রথম দিন শনিবার শ্বাসরুদ্ধকর খেলায় ভালেন্সিয়া ৪-৩ গোলে জিতেছে রেসিং সান্তান্দারের বিপক্ষে। এর মধ্যে চারটি গোলই আসে ভালেন্সিয়ার রবার্তো সোলদাদোর পা থেকে। প্রতিপক্ষের জালে তিনবার বল জড়ালেও একবার জড়ান নিজেদের জালে।
ভালেন্সিয়ার মাঠ স্তাদিও দ্য মেসতালায় খেলার দুই মিনিটেই দলকে এগিয়ে নেন সোলদাদো। প্রতিপক্ষের গোলে তীব্র শট নেন ভালেন্সিয়ার পাবলো হার্নান্দেজ। কিন্তু গোলপোস্টে লেগে বল ফিরে আসে সোলদাদোর পায়ে। আলতো টোকায় সেই বল পাঠিয়ে দেন তিনি কাক্সিক্ষত ঠিকানায়।
ছয় মিনিট পরই গোল শোধ করে রেসিং। এ জন্য অবশ্য কষ্ট করতে হয়নি দলের খেলোয়াড়দের। ভালেন্সিয়া অধিনায়ক নিজেই নিজেদের জালে বল পাঠিয়ে দেন। ১৪ মিনিটে রেসিংকে এগিয়ে নেন লাউতারো অ্যাকোস্তা।
৫৬ মিনিটে ব্যবধান বাড়ান রেসিংয়ের আদ্রিয়ান গঞ্জালেস। কিন্তু দুই মিনিট পরই একটি গোল শোধ করেন অ্যাডিল রামি।
এরপর আর কোনোভাবেই গোলের দেখা পাচ্ছিল না ভালেন্সিয়া। যদিও একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছিল দলটি। কিন্তু খেলার দুই মিনিট বাকি থাকতে দলকে সমতায় ফেরান সোলদাদো।
এর দুই মিনিট পর আত্মঘাতী গোলের ক্ষত দূর করেন সোলদাদো জয়সূচক গোল করে।
দিনের অন্য দু'টি খেলায় জেতে রিয়াল সোসাইদাদ ও বেটিস। সোসাইদাদ ২-১ গোলে জেতে স্পোর্টিং গিজনের বিপক্ষে। আর বেটিসের কাছে ১-০ গোলে হার মানে গ্রানাদা।
পরপর তিনবারের চ্যাম্পিয়ন বার্সা তাদের এবারের শিরোপা-অভিযান শুরু করবে সোমবার। প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ভিলারিয়ালকে। আগের দিন রোববার রিয়াল মাদ্রিদ অতিথি হয়ে খেলতে যাবে রিয়াল জারাগোজার মাঠে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৩৯ ঘ.
bdnews24