ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিওনেল মেসিদের উপঢৌকন দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
নাইজেরিয়ার সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলতে ৩ সেপ্টেম্বর ঢাকায় আসবেন মেসিসহ আর্জেন্টিনা দলের তারকা ফুটবলাররা। কিন্তু তাদের খালি হাতে ঢাকা ছেড়ে চলে যেতে দিতে চায় না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাই তাদের কিছু উপঢৌকন দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে, যাতে তুলে ধরা হবে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন শনিবার সাংবাদিকদের জানিয়েছেন এই তথ্য। তবে কি কি দেয়া হবে, তা তিনি প্রকাশ করেননি।
সালাউদ্দিন বলেন, "আমরা এমন কিছু তাদের দিতে চাই, যাতে আমাদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করে তারা। আমাদের দেশের সম্মানও উজ্জ্বল হয়।"
আগামী ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রদর্শনী খেলায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও নাইজেরিয়া।
আর্জেন্টিনার প্রতিপক্ষ ঢাকায় আসবে ৪ সেপ্টেম্বর।
এর আগে ২ সেপ্টেম্বর কলকতায় আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলবে ভেনিজুয়েলার বিপক্ষে।
বিডিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১০৩ ঘ.
bdnews24