ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্জেন্টিনা ও নাইজেরিয়ার ফুটবলারদের অনুশীলন দেখতেও অন্তত এক হাজার টাকায় টিকেট কাটতে হবে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের। শনিবার থেকে এই অনুশীলন সেশনের টিকেট পাওয়া যাবে বলে জানালেও আয়োজকরা এখনো ভেন্যুই চূড়ান্ত করতে পারেননি।
এ দুই দলের অনুশীলন 'সেশন' দেখভালের দায়িত্বে থাকা ইভেন্ট ম্যনেজমেন্ট সংস্থা আপন কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ভূঁইয়া আরিফ শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা ও নারায়নগঞ্জের ৩৫টি স্পটে অনুশীলন সেশনের টিকেটে পাওয়া যাবে।
"সাধারণ গ্যালারির টিকিটের দাম এক হাজার এবং ভিআইপি গ্যালারির টিকিটের দাম পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে," জানান তিনি।
৪ সেপ্টম্বর সন্ধ্যা ৬টায় অনুশীলন করতে মাঠে নামবে মেসির দল আর্জেন্টিনা ও নাইজেরিয়ার ফুটবলাররা।
ভেন্যু সম্পর্কে জানতে চাইলে আরিফ বলেন, "প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন হবে। আশা করছি এ সিদ্ধান্তই ঠিক থাকবে।"
আপন কমিউনিকেশনস অনুশীলন 'সেশন'সহ ১৮টি ইভেন্টের কাজ তদারক করছে বলে জানান তিনি।
প্রতিষ্ঠানটির উদ্যোগে ইতোমধ্যে রাজধানীতে ঘোড়ার গাড়ি ও পিকআপ ভ্যানে ব্যান্ড পার্টি ও বাউল শিল্পীদের নিয়ে লিফলেট ও পোস্টার বিলি করা হয়েছে।
আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে এ দুই দলের খেলোয়াড়দের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাদের নৈপুণ্য দেখার অপেক্ষায় রয়েছে এ দেশের ফুটবলভক্তরা। আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষ ইতোমধ্যে লিওনেল মেসিকে অধিনায়ক করে এশিয়া সফরের দলও ঘোষণা করেছে।
এই প্রীতিম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামের পশ্চিম গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ১০ হাজার টাকা। এছাড়া পূর্ব গ্যালারির টিকিট ৭ হাজর ৫০০ টাকা ও পশ্চিম গ্যালারির কর্পোরেট টিকিটের দাম রাখা হয় ১০ হাজার ৬০০ টাকা।
অনুশীলনের টিকিট পাওয়া যাবে যেখানে
হোটেল সোনাগাঁও, রূপসী বাংলা হোটেল, নাভানা টাওয়ার (গুলশান-১), হোটেল রিজেন্সি (খিলক্ষেত), হোটেল ওয়েস্টিন (গুলশান-২), রাজউক ট্রেড সেন্টার (খিলক্ষেত), সুবাস্তু নজরভ্যালী (বাড্ডা), সাঈদ গ্রান্ড সেন্টার (উত্তরা), মাসকট প্লাজা (উত্তরা), তালতলা মার্কেট (খিলগাঁও), ইস্টার্ন প্লাজা (হাতিরপুল), গ্রেটওয়াল মার্কেট (সদরঘাট), শিল্পকলা একাডেমির স্কাইমুন রেস্তোরাঁ (সেগুনবাগিচা), বসুন্ধরা সিটি মার্কেট (লেভেল-৩, ঢঈঞ), স্কাই লার্ক পয়েন্ট (বেইলি রোড, দোকান নং- ২১-২২), হোমিও মেডিকেল সেন্টার (বি-৪, আরামবাগ, মিরপুর-৭), মেট্টো শপিং মল (আরডি-১-বি, দোকান নং-৬১২), ইস্টার টেক ইঞ্জিনিয়ারিং (মাল্টিপ্লান সেন্টার, লেভেল-৯), স্বপন স্টেশনারি (৫১, মতিঝিল), একে ডিজিটাল সাইন (৫১ মতিঝিল, ৫ম তলা), ইউনিক স্টুডিও (মৌচাক মোড়), হোটেল-৭১ (বিজয়নগর), সিয়ারামস টেইলার্স (রাজমণি ঈসা খাঁ হোটেল), পাক্ষিক বার্তাপ্রবাহ (৩৬/এ, কাকরাইল), মীর এন্টারপ্রাইজ (১৬এ/১৪, মীরবাগ, মগবাজার), মেক্সোনা বিউটি পার্লার (উত্তর যাত্রাবাড়ি), কাজল বিউটি পার্লার (মসজিদ মার্কেট, এজিবি কলোনি, মতিঝিল), মা রাইসা বিউটি পার্লার (উত্তর যাত্রাবাড়ি), ইস্টার্ন প্লাস মার্কেটে (শান্তিনগগর) এই অনুশীলনের টিকেট পাবেন ফুটবলভক্তরা।
এছাড়া ঢাকায় আগোরা, কেএফসি, পিজা হাট ও হেলভিসিয়ার সব আউটলেটেও টিকিট বিক্রি হবে।
ঢাকার বাইরে নারায়ণগঞ্জের হক প্লাজা (চাষাড়া) এবং আলি হাকিম সেন্টার থেকেও টিকিট কেনা যাবে বলে জানান আরিফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসএনএল/জেকে/১৯৫৬ ঘ.
bdnews24