ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিংবদন্তি হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন লিওনেল মেসি। এবার জিতলেন ইউরোপ সেরার মুকুট।
বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের গ্র"প পর্বের ড্র অনুষ্ঠিত হয় মোনাকোতে। সেখানেই উয়েফা'র (ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন) সদস্য দেশগুলোর সাংবাদিকদের ভোটে ইউরোপ সেরা ফুটবলার নির্বাচিত হন মেসি।
সেরা হওয়ার দৌড়ে মেসি পেছনে ফেলেন বার্সেলোনা সতীর্থ জাভি ও রিয়াল মাদ্রিদ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোকে।
গত মৌসুমে মেসি গোল করেন ৫৩টি। এর মধ্যে ১২টি গোলই আসে চ্যাম্পিয়ন্স লিগে। মেসি নামক পরশ পাথরের দুর্দান্ত পারফর্মেন্সের কল্যাণে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারায় বার্সা। ইউরোপ শ্রেষ্ঠত্বের শিরোপা ছাড়াও মেসির জাদুকরী ফুটবলে টানা তৃতীয়বারের মতো চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে স্পেনের লা লিগার শিরোপা ঘরে তোলে বার্সেলোনা।
এরই মধ্যে ফিফার বর্ষসেরা খেতাব জয়ী মেসি ইউরোপ সেরার পুরস্কার হাতে নিয়ে বলেন, " সবগুলো ট্রফি আমার ঘরে রাখবো।"
রসিকতার ছলে হলেও সত্যি কথাটাই অকপটে বলে ফেলেন এরপর, "আমার মনে হয়, আরও কিছু পুরস্কার রাখার জায়গা আমার ঘরে আছে। সতীর্থদের ধন্যবাদ তাদের সাহায্যের জন্য।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৫৩৭ ঘ.
bdnews24