ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে সোমবার নাপোলিকে স্রেফ নাকাল করে ছেড়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে দলটিকে হারায় ৫-০ গোলে।
বার্সেলোনার ছন্দময় ফুটবলের কাছে পাত্তাই পায়নি ইতালির দলটি। বলের পেছনে ছুটেই সময় পার করেছে তারা।
জোয়ান গাম্পার ট্রফিতে এবার নিয়ে ৩৫ বার খেলছে বার্সেলোনা। অন্যদিকে এবারই প্রথম খেলছে নাপোলি।
মেসির জোড়া গোলকে ছাপিয়েও বার্সার জন্য আনন্দের বড় উপলক্ষ্য হয়ে এসেছে সেস ফ্যাব্রেগাসের গোল। ২৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন তিনিই।
পাঁচ মিনিট পর ব্যবধান বাড়ান সেইডু কেইটা। প্রথমার্ধে ওই দুই গোলেই এগিয়ে ছিল বার্সেলোনা।
খেলার ৬২ মিনিটে গোল করে দলকে নিরাপদ জায়গায় নিয়ে যান পেদ্রো। ৩ মিনিট পর নিজের প্রথম এবং ৭৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেন মেসি।
গোল না পেলেও দুর্দান্ত খেলেছেন আন্দ্রেস ইনিয়েস্তা। প্রথম দুু'টি গোলের উৎস তিনিই।
এদিকে প্রথম ম্যাচেই গোল পেয়ে উচ্ছ্বসিত ফ্যাব্র্রেগাস। খেলা শেষে প্রশংসায় ভাসিয়েছেন সতীর্থদের। দলের সঙ্গে সহজে মানিয়ে নেয়ার পেছনে তাদের কৃতিত্ব দেন তিনি।
ফ্যাব্রেগাস বলেন, "নতুন দলের সব সদস্য আমার কাজ সহজ করে দিয়েছেন। আর্সেনালে আমি আরেকটু বেশি স্বাধীনতা নিয়ে খেলতাম। তবে এখানে সব কিছু অনেক বেশি সুশৃঙ্খল এবং আমি এর সঙ্গে মানিয়ে নিয়েছি।"
প্রথম গোলের ব্যাপারে বলেন, "প্রথম ম্যাচেই বার্সেলোনার জার্সি গায়ে গোল করতে পেরে আমি খুবই আনন্দিত।"
বড় জয়ে দারুণ খুশি কোচ পেপ গার্দিওলাও। জয়ের ধারাবাহিকতা ধরে রাখার তাগিদ দেন তিনি খেলোয়াড়দের। তিনি মনে করছেন, এই জয় সুপার কাপের প্রস্তুতির জন্য সহায়ক হবে।
ইউরোপিয়ান সুপার কাপে আগামী শুক্রবার পোর্তোর বিপক্ষে খেলবে বার্সেলোনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮০৪ ঘ.
bdnews24