ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রদর্শনী খেলার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দুই বিদেশি দলের খেলোয়াড়দের অনুশীলনের জন্য আগেরদিন বিসিবি ফতুল্লা খান সাহেব এম ওসামান আলী স্টেডিয়াম ছেড়ে দেয়। আর ড্রেসিং রুমের জন্য এবার দিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দু'টি পরিত্যক্ত রুম।
বিসিবি সভাপতি আহম মোস্তফা কামালের সঙ্গে কথা বলে পরিচালক দেওয়ান শফিউল আরেফিন টুটুল সোমবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদকে সুবজ সঙ্কেত দেন। তাই বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফুটবলের জন্য একটা ভালোমানের ড্রেসিং রুম তৈরিতে আর কোনো বাধা রইল না।
ক্রীড়া পরিষদ পরিচালক (উন্নয়ন) আব্দুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আর্জেন্টিনা প্রতিনিধি দল যেসব শর্ত দিয়েছে আমরা তা পূরণে বদ্ধপরিকর। ক্রিকেট বোর্ডও আমাদের সহযোগিতা করছে।"
এর আগে ড্রেসিং রুম বানাতে গিয়ে সিসিডিএম কর্মকর্তাদের চরম বাধার মুখে পড়েন ক্রীড়া পরিষদ কর্মকর্তারা। ফতুল্লা স্টেডিয়াম দিতেও অস্বীকার করেছিল বিসিবি।
এদিকে নতুন পরিকল্পনা অনুযায়ী, একটি ড্রেসিং রুমে ছয়টি ঝর্ণা লাগানোসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে।
ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার সোমবার দুপুরে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দু'টি ড্রেসিং রুমের সংস্কার কাজ দেখেন। যতো তাড়াতাড়ি সম্ভব একটি আধুনিক ড্রেসিং রুম তৈরির পরামর্শ দেন তিনি কর্মকর্তাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০২২ ঘ.
bdnews24