ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিনসিনাটি মাস্টার্সে ছেলেদের এককে শিরোপা জিতেছেন অ্যান্ডি মারে। আর মারিয়া শারাপোভা জিতেছেন মেয়েদের এককে।
সিনসিনাটিতে রোববার ছেলেদের ফাইনালে দ্বিতীয় সেটের মাঝামাঝি সময় কাঁধের চোটের অবস্থা আরো খারাপ হয়ে পড়ায় আর খেলতে পারেননি সার্বিয়ার নোভাক জকোভিচ। ফলে জিতে যান মারে।
আর মেয়েদের এককে জেলেনা জাঙ্কোভিচের কাছে প্রথম সেট হারলেও শেষ পর্যন্ত ৪-৬, ৭-৬ (৬-৩) ও ৬-৩ গেমে জেতেন শারাপোভা।
জকোভিচের দুর্দান্ত পথচলায় শেষ পর্যন্ত বাধা হয়ে দাড়ালো চোট। শেষ দশ দিন কাঁধে চোট নিয়ে খেলেও প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি। তবে ফাইনালে আর পারলেন না। প্রথম সেট ৬-৪ এ হারার পর দ্বিতীয় সেটে ৩-০ তে পিছিয়ে ছিলেন। এরপরই কোর্ট থেকে বেরিয়ে যেতে বাধ্য হন তিনি। টানা ১৬ জয়ের পর হারের মুখ দেখলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়। আর চলতি মৌসুমে ৫৯ তম খেলায় এটি তার দ্বিতীয় হার।
জকোভিচ ভক্তদের জন্য দুঃসংবাদ হলো আর আট দিন পরই শুরু হচ্ছে ইউএস ওপেন। এতে জকোভিচের অংশ নেয়া তাই এখন অনিশ্চিত। তবে আশার বাণী শোনালেন জকোভিচ, "সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আমি আশাবাদী। নিশ্চয়ই ইউএস ওপেনে অংশ নেবো।"
এদিকে মৌসুমে এটি শারাপোভার দ্বিতীয় শিরোপা। স্বাভাবিকভাবেই তিনি খুব উচ্ছ্বসিত, "চমৎকার একটা বছর কাটছে। অন্তত গত বছরের চেয়ে ভালো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৪৫৭ ঘ.
bdnews24