ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বোল্টন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারিয়ে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের (ইপিএল) পয়েন্ট তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ম্যানচেষ্টার সিটি।
রোববার অপর খেলায় উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ২-০ গোলে ফুলহ্যামকে হারায়। আর স্টোক সিটি ও নরউইচ সিটির খেলা ১-১ গোলে ড্র হয়।
সোয়ানসি সিটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নতুন মৌসুমে যাত্রা করে ম্যান সিটি। কিন্তু অঢেল অর্থের বিনিময়ে গড়া দলটির বুকে রোববার কাঁপন ধরিয়ে দেয় বোল্টন। কোচ রবার্তো মানচিনি অবশ্য নিজের কথা রাখেননি। সবার সঙ্গে এখনো সেরকম আত্মিক সম্পর্ক গড়ে ওঠেনি-এই কথা বলে নতুন অন্তর্ভূক্তি সার্জিও অ্যাগুয়েরোকে মূল একাদশে খেলাবেন না বলে জানিয়েছিলেন। অথচ মূল একাদশেই জায়গা পান আজের্ন্টিনার এই খেলোয়াড়। অ্যাগুয়েরোর পা থেকে গোল না আসায় সম্পর্কের তিক্ততা ভুলে তার জায়গায় মানচিনি মাঠে নামান কালোর্স তেভেজকে।
ততক্ষণে খেলা পাঁচ গোলের মুখ দেখে ফেলেছে। আর ৩-২ গোলে এগিয়ে থাকা অবস্থায় মাঠ ছাড়ার চেষ্টায় ব্যস্ত ছিল ইস্ট লন্ডনের দলটি। ততে সফলও তারা। ফলে দুই খেলায় ৬ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষ দলটির জায়গায় স্থান করে নেয় তারা। উলভসের পয়েন্ট ছয় হলেও গোল ব্যবধানে ঠিক মানচিনির দলের পেছনে আছে তারা।
খেলার শুরুতেই বোল্টনকে চেপে ধরে ম্যান সিটি। ২৬ মিনিটে গোল আদায় করে নেন দলের ডেভিড সিলভা। ৩৮ মিনিটে জেমস মিলনার অত্যন্ত চতুরতার সঙ্গে বল ঠেলে দেন গ্যারেথ ব্যারির কাছে। গোল করে যেন বড় জয়ের মঞ্চ তৈরি করে ফেলেন তিনি।
কিন্তু মিনিট দুই-এক পর ইভান ক্লাসনিচের গোল সেই মঞ্চের একপাশ গুড়িয়ে দেয়। বোল্টনের খাতায় যোগ হয় এক গোল।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ৯০ সেকেন্ডের মধ্যে তৃতীয় গোলের দেখা পায় ম্যান ইউয়ের নগর প্রতিদ্বন্দ্বীরা। দুই গোলে পিছিয়ে পড়ে বোল্টন হারানোর কিছু নেই মনে করে পূর্ণ শক্তিতে ঝাঁপিয়ে পড়ে। দ্বিতীয় গোলটি পেয়ে যায় তারা ৬৩ মিনিটে। গোল দেন অধিনায়ক কেভিন ডাভিয়েস। এরপর খেলার চাবি বোল্টনের হাতে থাকলেও সমতাসূচক গোলটি আর আদায় করা সম্ভব হয়নি।
দুই খেলা মিলে ম্যান সিটির মোট গোল সংখ্যা সাত। আর বোল্টন প্রথম খেলায় কুইন্স পার্ককে ৪-০ গোলে বিধ্বস্ত করায় তাদের গোল সংখ্যা ছয়। বোঝায়ই যাচ্ছে, দুটো দলই গোল করতে ভালোবাসে। লিগের বাকি দলগুলোর জন্য এ যেন এক সতর্কবাণী। আর ফুটবলপ্রেমীদের জন্য জমজমাট নতুন মৌসুমের আহ্বান।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মানিচিনির দলে যে তেভেজের গুরুত্ব এখনো কমে যায়নি, তা বোল্টনের বিপক্ষে তাকে নামিয়ে বুঝিয়ে দিয়েছেন ইতালির এ কোচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৫১৯ ঘ.
bdnews24