ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকায় অনুষ্ঠেয় আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের টিকেট বিক্রি নাকি হঠাৎ বেড়ে গেছে। বাংলাদেশ ফুটবলে ফেডারেশনের (বাফুফে) হাতে টিকেট নাকি খুব একটা বাকি নেই।
মেসিদের ম্যাচ আয়োজক কমিটির প্রধান আনোয়ারুল হক বলেন, "প্রথমদিকে খুব একটা সাড়া না পেলেও গত দুই-তিনদিনে অধিকাংশ টিকেট বিক্রি হয়ে গেছে। যা আমাদের আশা জাগিয়ে তুলেছে। তাই আমাদের বিশ্বাস ম্যাচের আগে সব টিকেটই বিক্রি হয়ে যাবে।"
সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, স্পেশাল এনক্লোজার, স্পেশাল হসপিটালিটি এনক্লোজার, প্রেসিডেন্ট বক্স, হসপিটালিটি বক্স ও ভিআইপি গ্যালারির টিকেট। গ্যালারির টিকেট বিক্রিতে নাকি কিছুটা ভাটা," বলেন এই বাফুফে কর্মকর্তা।
তবে এখন পর্যন্ত মোট কি পরিমাণ টিকেট বিক্রি হচ্ছে তা জানাতে পারেননি হেলাল। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমরা খোঁজ নেইনি।"
হেলালের এমন দায়িত্বহীন কথা সমালোচনার জন্ম দেয়। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ফুটবলার বলেন, "তিনি খোঁজ নেবেন নাতো, কে নেবে? এটি তার দায়িত্ব।"
এদিকে আইএফআইসি ব্যাংক শুধুমাত্র গ্যালারির টিকিট বিক্রি করছে। পশ্চিম গ্যালারির টিকিটের দাম ১০ হাজার টাকা, পূর্ব গ্যালারির টিকিটের দাম ৭,৫০০ টাকা ও পশ্চিম গ্যালারির কর্পোরেট টিকিটের দাম ১০,৬০০ টাকা ধরা হয়েছে।
ব্যাংকটির ঢাকার আটটি শাখায় টিকিট বিক্রি হচ্ছে। শাখাগুলো হলো- মতিঝিল, গুলশান, মিরপুর, ইসলামপুর, ধানমন্ডি, কারওয়ান বাজার, উত্তরা ও বসুন্ধরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/২০১৯ ঘ.
bdnews24