ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝলমলে ফুটবল জীবনের ইতি টানলেন জার্মানির মেয়েদের ফুটবল দলের সাবেক অধিনায়ক ব্রিজিট প্রিন্জ।
দু'বার বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন তিনি। ইউরোপ চ্যাম্পিয়নের শিরোপা দু'হাতে তুলে ধরেন পাঁচবার।
জার্মানির ফুটবল ফেডারেশন জানায়, শুক্রবার বুট তুলে রাখার ঘোষণা দেন ব্রিজিট। এর আগে চলতি বছর মেয়েদের বিশ্বকাপে জাপানের কাছে হারার পর জাতীয় দল থেকে সরে দাঁড়ান তিনি।
জার্মান দলের হয়ে তিনি মাঠে নামেন ২১৪ বার। ২০০৩ ও ২০০৭ সালের বিশ্বকাপ জয়ে তার অবদানের কথা নিঃসন্দেহে মনে রাখবে জার্মানরা।
তবে জার্মানিতে এ বছরের বিশ্বকাপে তিনি তার নামের প্রতি সুবিচার করে খেলতে পারেননি। বেশিরভাগ সময় কাটে 'বেঞ্চে' বসে। তখনই কথা ওঠে তার অবসরে যাওয়া নিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯০১ ঘ.
bdnews24