ঢাকা, অগাস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোটি টাকার ফুটবল প্রতিযোগিতা গ্রামীণফোন সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। টাইব্রেকারে মোহামেডানকে হারায় তারা ৩-২ গোলে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকে। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও ফলাফল নির্ধারণ না হওয়ায় টাইব্রেকারের আশ্রয় নিতে হয় রেফারি আব্দুল হান্নান মিরনকে।
চ্যাম্পিয়ন হয়ে আবাহনী জিতে নিল এক কোটি টাকা। রানার্সআপ মোহামেডান পায় ২০ লাখ টাকা।
এছাড়া সেমিফাইনালের বাকি দুই দল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব পায় সাড়ে সাত লাখ টাকা করে। আর পাঁচ লাখ টাকা করে পায় প্রতিযোগিতায় অংশ নেয়া ছয়টি দলের বাকি দু'টি দল শেখ রাসেল ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়ন।
গতবারের চ্যাম্পিয়ন মোহামেডানের ভাগ্য মোটেও ভালো ছিল না। দুই গোলে এগিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না তারা। এছাড়া পুরো দ্বিতীয়ার্ধ ও অতিরিক্ত সময়ে দলটিকে খেলতে হয় দশজন খেলোয়াড় নিয়ে।
৪২ মিনিটে গোলরক্ষক অল হাসান লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় বিপদে পড়ে মোহামেডান। আবাহনীর থুয়াম ফ্রাঙ্ককে ঘুষি মারায় লাল কার্ড দেখতে হয় তাকে।
এরপরই পাল্টে যায় খেলার পুরো চিত্র। দুই গোলই শোধ করে ফেলে আবাহনী। দশজনের দল নিয়ে মোহামেডানের পক্ষে আর সমান তালে লড়ে যাওয় সম্ভব হয়নি। পারেনি টাইব্রেকারেও।
খেলার ২১ মিনিটেই মোহামেডানকে এগিয়ে নেন সানডে সিজোবা। বক্সে বল ফেলেন তৌহিদুল আলম। উড়ন্ত বলে মাথা দিয়ে পরাস্ত করেন আবাহনী গোলরক্ষক সোহেলকে। এছাড়া সে সময় তিনি ছিলেন পুরোপুরি অরক্ষিত।
৩১ মিনিটে ব্যবধান বাড়ান তৌহিদুল। প্রতিপক্ষের বক্সের ডান দিক থেকে শরিফের শট পোস্টে লেগে ফিরে আসে। তৌহিদ ফিরতি বল আলতো টোকায় পাঠিয়ে দেন কাক্সিক্ষত ঠিকানায়।
দুই গোলে এগিয়ে গিয়ে মোহামেডান যখন জয়ের সুবাতাস পাচ্ছিল, ঠিক তখনই ভাগ্য বিধাতা মুখ ফিরিয়ে নেন মোহামেডানের দিক থেকে। ৩৪ মিনিটে আক্রমণভাগের ঘানার খেলোয়াড় ফ্রাঙ্ক বক্সের বাইরে থেকে অসাধারণ এক শটে গোল করে শুধু ব্যবধানই কমাননি, কিছুটা হলেও খেলায় ফিরিয়ে আনেন আবাহনীকে।
৭৫ মিনিটে আবাহনীর ত্রাতা হয়ে আসেন সেই ফ্রাঙ্কই। আক্রমণভাগের অভিজ্ঞ খেলোয়াড় আলফাজের বাড়ানো বল পায়ে নিয়ে শট নেন। বল আশ্রয় নেয় জালে। খেলায় ফিরে আসে সমতা।
এদিকে টাইব্রেকারে আবাহনীর পক্ষে তিনটি গোল করেন ক্লেটুস ব
bdnews24