২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোপা ব্যর্থতার খেসারত দিলেন বাতিস্তা

সার্জিও বাতিস্তাকে কোচের পদ থেকে বরখাস্ত করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 12:41 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সার্জিও বাতিস্তাকে কোচের পদ থেকে বরখাস্ত করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। মূলত, শেষ আটের লড়াইয়ে উরুগুয়ের কাছে হেরে কোপা থেকে দলের বিদায় নেয়ার খেসারত দিলেন তিনি। বুয়েন্স আয়ার্সে সোমবার এক সংবাদ সম্মেলনে এএফএ'র মুখপাত্র আরনেস্তো চেরকুইস বিয়ালো এ কথা নিশ্চিত করেন। তিনি বলেন, "হুলিও গ্রন্দোনার (এএফএ সভাপতি) সঙ্গে টেলিফোনে কথা বলার পর বাতিস্তা তার ভাগ্য ছেড়ে দেন নির্বাচক কমিটির হাতে। আর তার সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় কমিটি।" আর্জেন্টিনার নতুন কোচ হতে পারেন এসতোদিয়ান্তেসের সাবেক কোচ অ্যালেক্সান্দ্রো সাবেলা, প্যারাগুয়ে কোচ জেরার্দো মার্তিনো কিংবা আতলেটিকো মাদ্রিদের সাবেক কোচ কালোর্স বিয়াঞ্চি। এক সপ্তাহের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা হবে বলে জানান বিয়ালো। আর্জেন্টিনা ১৮ বছর ধরে কোনো শিরোপার মুখ দেখেনি। শেষবার শিরোপা জেতে ১৯৯৩ সালে। সেটি ছিল 'কোপা আমেরিকা'। দেশের নামের শুরুর অক্ষর দিয়ে স্বাগতিক দেশ নির্বাচন করার রীতি চালু করেছে দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। 'এ' দিয়ে শুরু বলে ২০১১ সালে কোপা আমেরিকার স্বাগতিক দেশ হয় আর্জেন্টিনা। দুর্দান্ত একটি দল, মেসির মতো তারকার উপস্থিতি, সমর্থনে ভরা কানায় কানায় গ্যালারি; কোনো কিছুই কাজে লাগলো না। বাতিস্তার কৌশলগত দুর্বলতা এবং সঠিক জায়গায় সঠিক খেলোয়াড় খেলাতে না পারায় আবারো ব্যর্থ হয় আর্জেন্টিনা। রোববার কোপা সেরার মুকুট ওঠে উরুগুয়ের হাতে। পরদিনই ভবিষ্যত নির্ধারণ হয়ে গেল বাতিস্তার। ২০১০ সালের বিশ্বকাপে ব্যর্থতার পর দিয়েগো মারাদোনাকে সরিয়ে আর্জেন্টিনা দলের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব দেয়া হয় ৪৮ বছর বয়সী বাতিস্তাকে। তিন মাস পর তাকে প্রধান কোচের দায়িত্ব দেয় এএফএ। প্রায় এক বছর আর্জেন্টিনা দলের দায়িত্বে ছিলেন তিনি। কোচ হিসেবে ব্যর্থ হলেও তার অধীনে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে প্রীতি খেলায় ৪-১ গোলে জেতে আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষেও প্রীতি খেলায় ১-০ গোলে জেতে বাতিস্তার দল। বাতিস্তার অধীনে ১৭ খেলার মধ্যে জেতে আটটিতে, হারে তিনটিতে ও ছয়টিতে ড্র করে আর্জেন্টিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০০০ ঘ.