২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করল মোহামেডান

গ্রামীণফোণ সুপার কাপে দুই গোলে এগিয়ে থেকেও জয় পায়নি ঢাকা মোহামেডান। শনিবার নিজেদের প্রথম খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 05:12 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোণ সুপার কাপে দুই গোলে এগিয়ে থেকেও জয় পায়নি ঢাকা মোহামেডান। শনিবার নিজেদের প্রথম খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলার ৯ মিনিটেই গোলের দেখা পায় মোহামেডান। আক্রমণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় সানডে সিজোবা মোহামেডানকে গোলের সূচনা এনে দেন। প্রতিপক্ষের বিপদ সীমানার কাছাকাছি শরিফুল ইসলামের এগিয়ে দেয়া বল গোলপোস্টের সামনে দাঁড়ানো সানডের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুন করে মোহামেডান। তৌহিদুল আলমের কর্ণার থেকে বক্সে দাঁড়ানো আব্দুল হামিদ খান ভাসানীর সাইড ভলি মুক্তিযোদ্ধা গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যকে পরাস্ত করে জালে প্রবেশ করে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে একটি গোল শোধ করে মুক্তিযোদ্ধা। গোলদাতা আক্রমণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় বুকোলা। নাসিরের বাড়ানো বল থেকে রাশিয়ার খেলোয়াড় বরিসের হেড করেন। মোহামেডান গোলরক্ষক মোহাম্মদ আল হাসান ঝাঁপিয়ে পড়ে বল তালুবন্দি করতে গিয়ে নিয়ন্ত্রনে রাখতে পারেননি। হাত ফসকে বলটি বেরিয়ে যায়। সুযোগ সন্ধানী বুকোলা আলতো টোঁকায় বল জালে পাঠিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতে মিথুন চৌধুরীর গোলে মুক্তিযোদ্ধা শিবিরে স্বস্তির সুবাতাশ ফিরে আসে। এ গোলটিতে খেলায় সমতা ফেরায় তারা। বুকোলার বাড়ানো বল মোহামেডানের রক্ষণভাগের খেলোয়াড়রা ঠেকাতে না পারায় ফাঁকায় দাঁড়ানো মিথুন চৌধুরী সুযোগ বুঝে শট নেন। আর বল আশ্রয় নেয় মোহামেডানের জালে। মিথুনের গোলে মোহামেডানের জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। পরে শত চেষ্টা করেও তারা আরেকটি গোলের দেখা পায়নি। উপরুন্ত আরেকটি গোল হজম করতে বসেছিল মোহামেডান। ৬৭ মিনিটে মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে মোহামেডানের বিপদ সীমায় ঢুকে পড়েন মিঠুন। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। তার শটটি ক্রসবার ঘেঁষে বাইরে চলে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিএ/২২৫২ ঘ.