২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বলিভিয়ার সঙ্গে ড্র করলো আর্জেন্টিনা

কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। খেলায় আর্জেন্টিনা ও বলিভিয়া উভয় দলই একটি করে গোল করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 02:50 AM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। খেলায় আর্জেন্টিনা ও বলিভিয়া উভয় দলই একটি করে গোল করে। বলিভিয়ার পক্ষে গোল করেন রোজাস হারমোজা। আর্জেন্টিনার পক্ষে গোলটি করেন বদলি খেলোয়াড় সার্জিও অ্যাগুইরো। বুয়েন্স আয়ার্সে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে বারবার আক্রমণে উঠতে থাকে তারা। কিন্তু বলিভিয়ার রক্ষণভাগের দৃঢ়তায় কোনো আক্রমণকেই সফল করতে পারছিলো না তারা। ৯ মিনিটের মাথায় গোলের ভালো একটা সুযোগ পেয়েছিলো স্বাগতিকরা। জটলার মধ্যে হঠাৎ করেই বল পেয়ে যান ডান প্রান্তে গোলপোস্টের কাছাকাছি ফাঁকায় দাঁড়ানো এজেকুয়েল লাভেজ্জি। কিন্তু অফসাইডের বাঁশি বাজান সহকারী রেফারি। পাল্টা আক্রমণে উঠছিলো বলিভিয়াও। আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমোরোকে বেশ কয়েকবারই পরীক্ষায় ফেলে তারা। এখানেই বোঝা যাচ্ছিল আর্জেন্টিনার রক্ষণভাগের দুর্বলতা। আর্জেন্টিনার আক্রমণগুলো যেখানে বলিভিয়ার গোলরক্ষক পর্যন্ত পৌঁছাচ্ছিলো না সেখানে পরীক্ষায় পড়তে হচ্ছে রোমোরোকে। প্রথমার্ধে গোলের সবচেয়ে বড় সুযোগটা এসেছিলো বিরতির ৬ মিনিট আগে। দলীয় আক্রমণে আর্জেন্টিনা বল নিয়ে ঢুকে যায় বলিভিয়ার বক্সে মধ্যে। গোলপোস্টের একদম সামনে থেকে ফাঁকায় দাঁড়ানো ক্যাম্বিয়াসোর উদ্দেশে বল গোলপোস্টের ডান প্রান্তের দিকে ঠেলে দেন মেসি। পাও চালিয়েছিলেন ক্যাম্বিয়াসো। কিন্তু বলের নাগাল পাননি। প্রথমার্ধে উভয়দলই আরো বেশ কিছু আক্রমণ করলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি কেউই। দ্বিতীয়ার্ধের শুরুতেই এক গোলে এগিয়ে যায় বলিভিয়া। গোলটি আসে কর্ণার কিক থেকে। ক্যাম্পোসের নেয়া কিক থেকে বল উড়ে এসে পড়ে আর্জেন্টিনার গোল মুখের সামনে। জটলার মধ্যে 'ব্যাক হিলে' বল পোস্টের দিকে ঠেলে দেন হারমোজা। আর্জেন্টিনার মাঝমাঠের খেলোয়াড় এভার বানেগাকে হতভম্ব করে দিয়ে বল তার পারের তলা দিয়ে পিছলে বেরিয়ে যায়। বল ধরার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন রোমোরোও। কিন্তু তিনি ধরা আগেই বল গোল লাইন অতিক্রম করে। এক গোলে পিছিয়ে যাওয়ার পর যেন পাগল হয়ে ওঠে আর্জেন্টিনার খেলোয়াড়রা। বারবার আক্রমণে উঠার চেষ্টা করতে থাকে তারা। যদিও ওই সব আক্রমণে পরিকল্পনার কোন ছাপ ছিলো না। বরং সেই তুলনায় বলিভিয়ার আক্রমণ ছিলো অনেক গোছানো। আক্রমণের ধার বাড়ানোর জন্য ক্যাম্বিয়াসোকে তুলে অ্যাগুইরোকে মাঠে নামান আর্জেন্টিনা কোচ সার্জিও বাতিস্তা। ৭০ মিনিটে অ্যাগুইরো একক প্রচেষ্টার ভালো একটি আক্রমণ সাজিয়ে ছিলেন। কিন্তু তার শট গোলপোস্টের বাঁ-প্রান্ত ঘেঁষে বের হয়ে যায়। তবে ছয় মিনিট পর আর হতাশ হতে হয়নি অ্যাগুইরোকে। পুরো মাঠকে আনন্দে ভাসিয়ে খেলায় সমতা ফেরান তিনি। গোলপোস্টের ডান প্রান্ত থেকে ডি মারিয়ার ক্রস বুক দিয়ে ঠেকান আন্দ্রেস বুর্দিসো। বল গিয়ে পড়ে অ্যাগুইরোর সামনে। দ্রুত শটে বল জালে পাঠিয়ে দেন তিনি। এরপর উভয় দলই আরো বেশ কিছু আক্রমণ করলেও কেউই আর সফল হয়নি। ফলে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমআই/০৮৪৬ ঘ.