২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সায় অ্যাগুয়েরোকে চান মেসি

সার্জিও অ্যাগুয়েরোকে বার্সেলোনায় দেখতে চাইছেন তার জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 02:42 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সার্জিও অ্যাগুয়েরোকে বার্সেলোনায় দেখতে চাইছেন তার জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসি। ইতালির দু'টি পত্রিকা করিরে দেল্লো স্পোর্টস ও টাট্টু স্পোর্টসের এই খবরে অ্যাগুয়েরোর দলবদল নিয়ে আবারো গুঞ্জনের সৃষ্টি হয়েছে। কারণ জুভেন্টাসের পক্ষ থেকে এরই মধ্যে বলা হয়েছে, অ্যাগুয়েরোর এজেন্টের সঙ্গে সামনের সপ্তাহে বৈঠকে বসবে তুরিনের দলটি। পত্রিকা দু'টির খবর অনুযায়ী, ২০১০-এর বর্ষসেরা খেলোয়াড় মেসি চাইছেন অ্যাগুয়েরোর সঙ্গে চোখ ঝলসানো জুটি গড়ে তুলতে। তার বিশ্বাস, অ্যাগুয়েরোকে নিয়ে সামনের মৌসুমে তিনি ঝড় তুলতে পারবেন বার্সেলোনার হয়ে। এদিকে অ্যাগুয়েরোর ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ তাকে চাপের মুখে রেখেছে। পরিষ্কার জানিয়ে দিয়েছে, যা সিদ্ধান্ত নেয়ার, দু'সপ্তাহের মধ্যেই নিতে হবে। কারণ সামনের মৌসুমের জন্য দল গোছাতে চায় রিয়াল মাদ্রিদের শহর প্রতিদ্বন্দ্বী। ২০১৪ সাল পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ অ্যাগুয়েরো। তবে তিনি জানিয়ে দিয়েছেন, সামনের মৌসুমে মাদ্রিদের দলটিতে খেলার ইচ্ছে নেই তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০৩৬ ঘ.