ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কনকাকাফ গোল্ড কাপের তিনটি ম্যাচ নিয়ে পাতানো খেলার অভিযোগ উঠেছে। এই খবর ছাপিয়ে জার্মান পত্রিকা দার স্পিগেল হইচই ফেলে দিয়েছে।
আঞ্চলিক সংস্থা কনকাকাফ, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও ইন্টারপোল এখন এশিয়ায় বিভিন্ন স্থানে ম্যাচগুলোকে কেন্দ্র করে বসা বাজির আখড়ায় হানা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
জার্মান পত্রিকাটি বলছে, গোল্ড কাপে বড় ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হওয়া তিন ম্যাচ নিয়ে বাজি ধরা হয়েছে। এর মধ্যে দু'টি খেলায় হার-জিত নির্ধারিত হয়েছে ৫-০ গোলে। আরেকটি নির্ধারিত হয়েছে ৪-০ ব্যবধানে।
প্রতিযোগিতায় এল সালভাদর ও কিউবা, দু'দলের বিপক্ষেই মেক্সিকো জিতেছে ৫-০ গোলে। একই ব্যবধানে কোস্টারিকা হারায় কিউবাকে। এছাড়া দু'টি ম্যাচে হার-জিত নির্ধারিত হয় ৪-০ গোলে। খেলা দু'টিতে পরাজিত দলের নাম গ্রানাডা। আর জয় পেয়েছে জ্যামাইকা ও গুয়াতেমালা।
গোল্ড কাপ আয়োজন করা হয়ে থাকে দুই বছর পর পর। উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের দেশগুলো এই প্রতিযোগিতায় অংশ নেয়।
ম্যাচ পাতানোর অভিযোগে সিঙ্গাপুরের অধিবাসী ও বাজির কারবারী রাজেন্দ্র কুরুস্বামীকে কিছুদিন আগে মালয়েশিয়া পুলিশ গ্রেফতার করে। দু'সপ্তাহ আগে গ্রেফতার করা হয় উইলসন রাজ পেরুমাল নামের আরেক বাজির কারবারীকে। তাদের বক্তব্য থেকে ম্যাচ পাতানো নিয়ে ভেতরের অনেক খবর বেরিয়ে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১৩৩ ঘ.
bdnews24